আ.লীগ চায় না আন্তর্জাতিক সম্প্রদায় দেশের দলীয় রাজনীতিতে ভূমিকা পালন করুক: হাসিনা
বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইক মঙ্গলবার বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ চায় না নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায় দেশের দলীয় রাজনীতিতে কোনো ধরনের ভূমিকা পালন করুক।
শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই নির্বাচনের পক্ষে এবং আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। যে কারণে নির্বাচনের আগে অবশ্যই ন্যূনতম কিছু শর্ত মেটাতে হবে।
বিরোধী দলীয় নেতা ও জার্মান রাষ্ট্রদূতের মধ্যে এটিই প্রথম বৈঠক। মঙ্গলবার বিরোধী দলীয় নেতার বাসভবন সুধাসদনে প্রায় দুঘন্টা এ বৈঠক চলে।
বৈঠক থেকে বেরিয়ে ফ্রাঙ্ক মেইক সাংবাদিকদের জানান, তারা মূলত নির্বাচন ইস্যুতেই আলোচনা করেছেন এবং তিনি বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনেছেন।
পরে এক ব্রিফিংয়ে সংস্কার প্রস্তাবের ব্যাপারে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের চৌধুরী বলেন, আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় এ দেশের গণতন্ত্র ও জাতীয় স্বার্থকে জোরদার করতে সাহয্য করবে।
তিনি বলেন, বৈঠকে জঙ্গিবাদ তথা সন্ত্রাসবাদের উত্থান; সুশাসনের প্রয়োজনীয়তা এবং দেশ শাসনের গ্রহণযোগ্য পদ্ধতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি বলেন, সংস্কার বাস্তবায়ন হলেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে আমরা জার্মান রাষ্ট্রদূতকে জানিয়েছি।
সাবের বলেন, এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের কর্মকর্তা মুজতবা আহমেদ মুরশেদ, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।
