জুলাই মাস জুড়ে চলবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি
নির্বাচন কমিশন (ইসি) সোমবার ভোটার তালিকা হালনাগাদ করার ব্যাপারে তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভার কাছে ভোটারদের নাম অন্তভুর্ক্তি, বাতিল ও সংশোধনের ক্ষমতা প্রদানের মাধ্যমে ইসি এ পরিবর্তন আনল।
এর আগে ইসি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি অনুমোদিত উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছিল।
নতুন ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত ইসির সিদ্ধান্তে সারা দেশে তুমুল বিতর্ক দেখা দেয়। সুপ্রীম কোর্টের এক রায়ে ২৩ মে নতুন ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত ইসির আপিল খারিজ হয়ে যায়। রায়ের প্রেক্ষিতে ইসি ২০০০ সালের ভোটার তালিকা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নেয়।
বিরোধী দল, আইনবিশারদ, সাবেক নির্বাচন কমিশনারসহ সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মতামত সত্ত্বেও ইসি তালিকা হালনাগাদ করার ক্ষেত্রে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাম অন্তর্ভুক্তি, কর্তন ও সংশোধনের ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে আসছে।
সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে এসে ভোটারদের যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, কর্তন ও সংশোধন করার মাধ্যমে একটি নিখুঁত ভোটার তালিকা বাস্তবসম্মত কারণেই ‘প্রায় অসম্ভব’ কিংবা ‘অত্যন্ত কঠিন’ হবে। সবাই যখন এ ব্যাপারে একমত পোষণ করছেন তখনও প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বলে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।
এমনকি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাও বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করায় ক্ষেত্রে আইন জোরও করে না বা বাধাও দেয় না।
অবশেষে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত ২৬ জুন ইসির বৈঠকে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা থেকে ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ওয়ার্ড কমিশনারের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যমান ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন ও সংশোধনের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ কার্যক্রম ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও কর্তনের জন্য ফরমসমূহ হচ্ছে: নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন ফরম-৭, ভুল সংশোধনের জন্য আবেদন ফরম-৮ ও নাম কর্তনের জন্য আবেদন ফরম-৯।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য ভোটাররা তালিকায় অন্তর্ভুক্তকরণ, ভুল সংশোধন ও কর্তন সংক্রান্ত নির্ধারিত আবেদন ফরমে নিবন্ধন কর্মকর্তা বা সহকারী নিবন্ধন কর্মকর্তার কাছে ভোটার তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া এজন্য সংশি¬ষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়ে বা ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে অথবা সিটি করপোরেশনের ওয়ার্ড কার্যালয়ে অথবা ওয়ার্ডের অন্তর্গত যে কোনো সুবিধাজনক স্থানেও আবেদন করা যেতে পারে।
সারাদেশে জেলা সদরে ৮৩ জন নিবন্ধন কর্মকর্তা এবং প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভা এবং সিটি করপোরেশন ওয়ার্ডের জন্য ৬ হাজার ২৭৩ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা এ দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
