নৌ পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবরের দাফন সম্পন্ন
কুমিল্লার লাকসামের শরীফপুরে সোমবার সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে নৌ পরিবহন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের দাফন সম্পন্ন হয়।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টায় জাতীয় ঈদগাহে চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে তার মরদেহ শরীফপুরে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
সকালে বনানীর বাসস্থান, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কর্নেল আকবর হোসেন রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও সাংসদরা তার বনানীর বাসভবনে ছুটে যান। তারা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান কর্নেল আকবরের মরদেহ সকাল ১১টায় নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। সেখানে অনুষ্ঠিত নামাজে জানাজায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।
এরপর তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরো একটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, সরকারি ও বিরোধী দলের সদস্যরা নামাজে জানাজায় অংশ নেন।
জানাজা শেষে অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার পক্ষে বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এখানে জানাজা শেষে তার তার মরদেহ দাফনের জন্যে হেলিকপ্টারে করে কুমিল্ল¬ার লাকসাম পাঠানো হয়।
কর্নেল (অব.) আকবর হোসেন ১৯৪১ সালে কুমিল্ল¬া জেলায় জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। স্বাধীনতাযুদ্ধে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে তিনি সক্রিয় রাজনীতিতে অংশ নেন।
তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। একই বছরে নিউইয়র্কে সিকিউরিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
১৯৭৮ সালের অক্টোবরে তিনি তৎকালীন বিএনপি মন্ত্রিসভার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৯ সালে কুমিল¬া--৮ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
