এক দেশে দুই রাষ্ট্রপতি থাকতে পারেন না, সংবিধান বাঁচাতে আইনগত পদক্ষেপ নিন: আইনজীবীদের প্রতি শেখ হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ‘এক দেশে দুই রাষ্ট্রপতি থাকতে পারেন না’ উল্লেখ করে, দেশের সংবিধান এবং গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান বাঁচাতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনজীবীদের পরামর্শ দিয়েছেন।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা ও অর্থের দাপটে যা খুশি তাই করে যাচ্ছে। তারা সংবিধান ও আইন মানে না।
বঙ্গভবনে দু’জন রাষ্ট্রপতির অবস্থান প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে সংবিধানের ৫৪ ধারা প্রযোজ্য হবে না। কাউকে বাঁচাতে বা রক্ষা করতে নয়, সংবিধান ও প্রতিষ্ঠান রক্ষা করতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা দরকার।
বাংলাদেশ ইনষ্টিটিউট অব হিউম্যান রাইটস’র উদ্যোগে নির্যাতন বিরোধী এই আলোচনা সভা সংগঠনের মহাসচিব আকরাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা সংবিধান রক্ষা, জনগণের অধিকার আদায় এবং জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, এবার শেষ লড়াই লড়তে হবে। এজন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে। যেন ডাক আসলেই সবাই ঢাকায় এসে অত্যাচারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠা করা যায়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অত্যাচারী পুলিশ এবং ‘মিথ্যা মামলা’র বাদিদের ছবি ও তালিকা প্রস্তুত করে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, অত্যাচারিরা রেহাই পাবে না।
শেখ হাসিনা বলেন, আমি আইনকে হাতে তুলে নেওয়ার কথা বলবো না। কিন্তু নির্যাতন করে যদি পার পেয়ে যায়, তাহলে প্রতিশোধ ছাড়া উপায় নেই।
তিনি বলেন, নির্যাতিতরা আজ আইনের আশ্রয় পাচ্ছে না। প্রতিকার পাচ্ছে না। তাই প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। আবারও ঘুরে দাঁড়াতে হবে। অত্যাচারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আঘাতে প্রতিঘাত করতে হবে।
ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং জনগণের ভোট চুরির সকল প্রক্রিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান শেখ হাসিনা।
প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার আমীর উল ইসলাম ছাড়াও জেএমবি এবং পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের হামলায় আহত ও নির্যাতিতদের পক্ষে চৌধুরী গোলাম মোস্তফা, রেবেকা, সাবিকুন্নাহার, মাহমুদ মুসা, মহসীন ও সাবিনা আখতার তুহিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
