মাদার তেরেসা পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শেখ হাসিনা
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পূর্ব নিধারিত মাদার তেরেসা পুরষ্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। দলীয় সূত্র শুক্রবার একথা জানিয়েছে। শনিবার ভারতের কলকতায় তার এ পুরস্কার গ্রহণের কথা ছিলো।
বর্তমানে দিল্লি অবস্থানরত শেখ হাসিনার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার সংগ্রাম এবং মানব সেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত ‘মাদার তেরেসা’ পদক গ্রহণের জন্যে শুক্রবার কলকাতা যাওয়ার কথা ছিলো।
কিন্তু তিনি রোববার সকালে ঢাকার কানেকটিং ফ্লাইটে দিল্লি ত্যাগ করবেন এবং কলকাতায় ঘন্টা কয়েকের যাত্রা বিরতি করবেন বলে সূত্র নিশ্চিত করে।
তবে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তার যোগ না দেওয়ার প্রসঙ্গে দলীয় সূত্র সরাসরি কিছু জানায় নি।
বিরোধী দলীয় নেতার বিমান সফরসূচি জানিয়ে ওই সূত্র বলেন, আপনি এ থেকেই ধারণা করে নিতে পারেন।
শেখ হাসিনার পক্ষে কেউ পুরস্কারটি গ্রহণ করছেন কি না তাও সূত্র নিশ্চিত করেনি।
ভারতের বেসরকারি সংগঠন অল ইণ্ডিয়া মাইনরিটি অ্যাণ্ড উইকার সিলেকশন কাউন্সিল’র ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল মিলেনিয়াম সোসাইটি’ গত চার বছর ধরে শান্তি ও সম্প্রীতি এবং মানব সেবায় অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূসিত করে।
এ বছর মাদার তেরেসা পদকের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ছাড়াও প্রখ্যাত অভিনেতা দেবানন্দ এবং কণ্ঠশিল্পী লতা মুঙ্গেশকার মনোনীত হন।
এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী, বর্ষিয়ান রাজনীতিক এবং পশ্চিমবঙ্গের সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসু, আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যাণ্ডেলা এবং মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন এই সম্মাননা পেয়েছিলেন।
আওয়ামী লীগ সভানেত্রী গত বুধবার ঢাকা ত্যাগ করেন। তিনি আজমীর শরীফে হজরত খাজা মইনুদ্দিন চিশতী রহ. মাজারে ফাতেহা পাঠ ও দোয়া করেন।
বৃহস্পতিবার রাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথেও সাক্ষাৎ করেন।
