২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর একগুয়েমি সিদ্ধান্তে ১৪০ কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে নতুন জাহাজ

সংসদীয় স্থায়ী কমিটির আপত্তি সত্ত্বেও মন্ত্রীর একগুয়েমি সিদ্ধান্তে একশ’ ৪০ কোটি টাকা ব্যায়ে নতুন জাহাজ কেনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

জাহাজ ক্রয়ে মন্ত্রণালয়ের বিরুদ্ধে কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ করবে।

কমিটির অভিযোগ, অর্থ লুটপাটের জন্য মন্ত্রণালয়ের পরামর্শে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন জাহাজ ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। অথচ, নতুন একটি জাহাজের মূল্যে অন্ততঃ চারটি পুরাতন জাহাজ কেনা যায়। যা বিএসসি’র জন্য লাভজনক।

সংসদ ভবনে বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে আলেঅচনা হয়। কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য নৌ পরিবহনমন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, এম নুরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেকসহ সংশি¬ষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে জাহাজ ক্রয়ের প্রসঙ্গ উত্থাপন করা হলে নৌমন্ত্রী অসুস্থতার কথা বলে বৈঠক ত্যাগ করেন। এসময় আওয়ামী লীগ সদস্যরা কমিটির সিদ্ধান্ত মন্ত্রণালয় ও বিএসসি না মানায় ওয়াক আউটের সিদ্ধান্ত জানালে সভাপতি তাদের ওয়াক আউট না করার আহ্বান জানান।

এরপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা নৌমন্ত্রীর একগুয়েমি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। পরে কমিটি বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর ব্যাপারে একমত হন। বৈঠকে আগামী সাত দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের জন্য ২৩ কোটি টাকার সিসিটিভি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম নিয়ে আলোচনাকালে অসম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। আগামী বৈঠকে বিস্তারিত তথ্য উত্থাপনের জন্য বলা হয়।

বৈঠকে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দ্রুত চালুর সুপারিশ করা হয়।