সংসদে অশালীন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এরশাদ
জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের পরস্পরের নেতানেত্রীর বিরুদ্ধে কটূক্তি ও অশালীন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বুধবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ও প্রধান বিরোধী দলের সদস্যরা সংসদে যে ধরনের কটূক্তি ও অশালীন উক্তি করেছেনÑ তা দেশের সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে আরও ঘৃতাহুতি দিয়ে যাচ্ছে।
তিনি এ ধরনের ন্যক্কারজনক প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে না পারলে গণতন্ত্রের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে যাবে।
তিনি বলেন, বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা শুধু জাতীয় মর্যাদারই প্রতীক ননÑ তাদের একজন দেশের এক মহান নেতার স্ত্রী এবং অপরজন দেশের আরেক মহান নেতার সন্তান। আমরা যদি তাদের দেশের জাতীয় নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী নেতানেত্রীদের মর্যাদা দিতে না পারি তাহলে বহির্বিশ্ব থেকেও আমরা কোনও মর্যাদা পাব না।
