২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দমন, পীড়ন, নির্যাতনের পথ বেছে নিয়ে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, দমন, পীড়ন, অত্যাচার ও নির্যাতনের পথ বেছে নিয়ে সরকার দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর ফল কখনই শুভ হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

তিনি মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন। ১৪ দলীয় জোটের নির্বাচন কমিশন কার্যালয় অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকাসহ দেশব্যাপী পুলিশি তাণ্ডব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ওপর বর্বর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে শেখ হাসিনা এ বিবৃতি দিয়েছেন।

এতে তিনি আরো বলেন, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন কমিশন অবরোধ কর্মসূচি পালনকালে সরকার পুলিশ, র‌্যাব ও বিডিআর লেলিয়ে দিয়ে মধ্যযুগীয় বর্বরতায় মেতে ওঠে। কিন্তু দানবের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কেউ কখনো জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন দাবিয়ে রাখতে পারেনি। জোট সরকারও পারবে না।

তিনি বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলকে ক্ষমতায় বসানোর অন্দোলন নয়। এটি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটার তালিকার বিষয়ে সুপ্রীম কোর্টের রায় বাস্তবায়ন এবং প্রধান নির্বাচন কশিশনার ও দুই নির্বাচন কমিশনারকে অপসারণের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার আন্দোলন।

শেখ হাসিনা আরো বলেন, ১৪ দল ঘোষিত জনগণের দাবি দাওয়া আদায়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে। জনগণের এই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে জোট সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না।

তিনি খালেদা--নিজামী জোট সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওযার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এছাড়া বিরোধী দলীয় নেতা গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।