বাগেরহাটে বিএনপি--আ’লীগ সংঘর্ষ ও পুলিশের টিয়ার গ্যাস, গুলিতে আহত শতাধিক
বাগেরহাটে মঙ্গলবার সকালে ১৪ দলের নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি’র সন্ত্রাসী হামলা এবং ধাওয়া ও পাল্টা ধাওয়ায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।
হামলা চলাকালে বাসস্ট্যাণ্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ভাংচুর করা হয় অর্ধ শতাধিক বাস। বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউণ্ড টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় দেড় ঘন্টাব্যাপী ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। আহতদের মধ্যে শ্রমিক লীগ নেতা শাজাহান শেখ (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বিএনপির এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে আওয়ামী লীগ দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করে দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে।
এদিকে বাস ভাংচুরের প্রতিবাদে বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতি বাগেরহাট থেকে সব ধরণের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
