২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সাংসদ লিটনের মাইক বন্ধ করে দিলেন স্পিকার

ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তব্য চলাকালে আওয়ামী লীগ সদস্য নূর এ আলম চৌধুরী লিটনের মাইক নির্ধারিত সময়ের দুই মিনিটি আগেই বন্ধ করে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নূর এ আলম চৌধুরী তার বক্তব্যের শুরুতেই বিরোধী দলীয় নেত্রীর প্রতি বিষোদগার করার জন্য সরকারি দলের সাংসদদের সুযোগ করে দিয়ে সংসদের পরিবেশ নষ্ট করার জন্য স্পিকারকে দায়ী করেন।

তার বক্তব্যের জন্য নির্ধারিত সময়ের দুই মিনিটি বাকি থাকতেই স্পিকার সাংসদ লিটন চৌধুরীকে সতর্ক করে দিতে গেলে তিনি বক্তব্য বন্ধ করে দেবেন কিনা তা স্পিকারের কাছে জানতে চান।

এ সময় স্পিকার তার মাইক বন্ধ করে দিয়ে বলেন, আপনি অত্যন্ত বাকপটু। কিন্তু দিলাম তো আপনার বাকপটুতা বন্ধ করে। আপনাদের কথা বলার সুযোগ দিয়ে সরকারি দলকে বক্তব্য দিতে না দিলেই তো আপনারা খুশি হন।

এর আগে আপনাদের নেত্রীর বক্তব্য এক্সপাঞ্জ করে দিয়েছি। এখন আপনার মাইকও বন্ধ করে দিলাম। আপনার কোনো কথা থাকলে তা আপনার দলের অন্যরা বলবেন।

তিনি বলেন, আমরা জানি কারা সংসদে বিষোদগার করছেন। কারা সংসদের পরিবেশ বিনষ্ট করছেন। এটা আমরাও জানি, দেশবাসীও জানে।

এ সময় বিরোধী দলের পক্ষ থেকে প্রতিবাদ ও হৈচৈ করা হলেও স্পিকার পূনরায় মাইক দিতে অস্বীকার করেন।

এছাড়াও বৃহস্পতিবার বাজেট আলোচনায় অংশ নেন বিএনপির ডা. রুস্তম আলী ফরাজী, রাশেদা বেগম হীরা, মোজাম্মেল হক ও সুলতান মাহমুদ বাবু, আওয়ামী লীগের কর্ণেল (অব.) ফারুক খান ও মোস্তাফিজার রহমান ফিজার এবং জামায়াতে ইসলামীর আব্দুল খালেক মন্ডল।

বিএনপির সদস্যরা তাদের আলোচনায় বাজেটের ওপর বক্তব্যের পরিবর্তে বেশির ভাগ সময়ই বিরোধী দলের সমালোচনা করেন।

তবে বিরোধী দলের সদস্যরা বাজেট আলোচনার পাশাপাশি সরকারের সমালোচনা করেন।