খুরশীদ জাহান হকের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড়বোন ও বিএনপি সাংসদ খুরশীদ জাহান হকের মৃত্যুতে বুধবার জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত হয়েছে।
সংসদের রেওয়াজ অনুযায়ী বর্তমান সাংসদের মৃত্যুতে সংসদে আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণের পর বৈঠক একদিনের জন্য মূলতবী করা হয়। সংসদের বৈঠকে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় আবারো বসবে।
বুধবার বিকেলে ভারপ্রাপ্ত স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠক শুরু হলে স্পিকার নিজেই শোক প্রস্তাবটি উত্থাপণ করেন।
পরে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, শিল্প মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ ২০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বিভিন্ন দলের সাংসদ।
আলোচনা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জামাতে ইসলামীর সাংসদ আব্দুস সুবহান।
আলোচকরা প্রয়াত নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
