২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণআন্দোলন স্তব্ধ করতে মরণাঘাত হেনেও জোট সরকারের শেষ রক্ষা হবে না: হাসিনা

সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নৈতিকভাবে পরাভূত ও রাজনৈতিকভাবে দেউলিয়া জোট সরকার বিদায়ের আগে সংবিধান সম্মত গণআন্দোলনকে স্তব্ধ করার জন্য মরণাঘাত হানতে উদ্যত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 09:12 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

তিনি বলেন, কিন্তু স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ হরতাল পালনকালে জনগণের বিরুদ্ধে পুলিশ, র‌্যাব ও বিডিআর লেলিয়ে দিয়ে হিংসায় উন্মত্ত হয়ে উঠলেও তারা শেষ রক্ষা করতে পারবে না।

বিরোধী দলীয় নেতা মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৪ দল আহূত ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালন করে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে তাদের সুষ্পষ্ট অনাস্থা জানিয়েছে।

চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে হলে সরকারকে সংঘাতের পথ বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা মনে করি, এখনো সময় আছে, ১৪ দল উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বাস্তবায়ন করে সরকারর শুভ বুদ্ধির পরিচয় দেবে। অন্যথায় আরো বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে সংস্কার বাস্তবায়ন এবং পদত্যাগে বাধ্য করা হবে।