২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো বিতর্কের পথে যাচ্ছে নির্বাচন কমিশন, ঘরে ঘরে গিয়ে হালনাগাদ করা হবে না ভোটার তালিকা

সুপ্রীম কোর্টের রায় ‘যথাযথভাবে বাস্তবায়নের’ কথা মুখে বললেও ২০০০ সালের বিদ্যমান ভোটার তালিকা হালনাগাদ করতে বাতিলকৃত খসড়া ভোটার তালিকার তথ্য ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নির্বাচন কমিশন আবারো বিতর্ক সৃষ্টির পথে এগোচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

সুপ্রীম কোর্টের রায় ঘোষণার বিশ দিন পর ভোটার তালিকা সংক্রান্ত পরবর্তী কর্মপন্থা ঠিক করতে সোমবার সভায় বসে নির্বাচন কমিশন। সভায় আরও সিদ্ধান্ত হয় যে ভোটার তালিকা হালনাগাদ করতে এবার আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া হবে না।

কমিশন সচিবালয়ে প্রায় তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া গৃহীত সিদ্ধান্তসমূহ সাংবাদিকদের জানান। আদালতের রায়ে অবৈধ ঘোষিত ও বাতিলকৃত ভোটার তালিকার তথ্য হালনাগাদ করণ প্রক্রিয়ায় ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রয়োজন হলেই শুধু সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার এসব তথ্য কাজে লাগাবেন।

তিনি বলেন, ওই পদ্ধতিতে (যেভাবে নির্বাচন কমিশন খসড়া তালিকা করছিলো) ভোটার তালিকা করা যাবে না--

আদালত এটা বলেছেন। ওই তথ্য প্রয়োজনবোধে ব্যবহার করা যাবে না, এমন কথা বলেননি।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে ২০০০ সালে প্রণীত বিদ্যমান ভোটার তালিকা বহাল রেখে ওই তালিকা থেকে যারা কোনোভাবে বাদ পড়েছেন অথবা ২০০০ সালের পর যারা ভোটার হওয়ার উপযুক্ত হয়েছেন, তাদের নাম অন্তর্ভুক্তির জন্য ভোটার তালিকা অধ্যাদেশ ১৯৮২’এর ধারা ১০ এবং অযোগ্য ব্যক্তির নাম ও তথ্যাদি তালিকা থেকে কর্তনের এবং ভুল তথ্য সংশোধনের জন্য ভোটার তালিকা বিধিমালা ১৯৮২’এর বিধি ২০ অনুসারে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

মৃত্যু, অপ্রকৃতিস্থ হওয়া, বাসস্থান পরিবর্তন বা অন্য কোনো কারণে কোনো ভোটারের নাম কর্তন এবং বিদ্যমান তালিকায় প্রয়োজনীয় সংশোধনের জন্য কমিশন ১৯৮২’এর বিধি ২০ (৩) ও ২০ (৪) অনুযায়ী পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ করবে।

ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কর্তন ও সংশোধন সংক্রান্ত এ কার্যক্রম চলবে ১ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত।

জকরিয়া জানান, এ সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ ভোটারকেই নিজ দায়িত্বে সম্পাদন করতে হবে। এজন্য প্রয়োজনীয় বিভিন্ন ফরম যেমন ফরম নং ২, ৭, ৮ ও ৯ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার (জেলা নির্বাচন অফিসার ) অথবা সহকারী রেজিস্ট্রেশন অফিসার (উপজেলা /থানা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা) ’এর কার্যালয়ে পাওয়া যাবে।

সভার সিদ্ধান্ত অনুসারে, ইতোপূর্বে খসড়া ভোটার তালিকা প্রণয়নকালে পূরণকৃত ফরম -- ২ বিদ্যমান তালিকার সংযোজন, বিয়োজন অথবা সংশোধন সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে। এই দুই নং ফরমটি আসলে ভোটার সংক্রান্ত তথ্য ফরম, যা সাধারণতঃ নির্বাচন কমিশন নিযুক্ত তথ্য সংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পূরণ করেন। এবার খসড়া তালিকার কাজ চলার সময় ফরম--২ নিয়ে জালিয়াতির রহস্য উদঘাটিত হলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

কমিশনের ভারপ্রাপ্ত সচিব জানান, ভোটার তালিকা হালনাগাদ করতে এবার আর বাড়ি বাড়ি যাওয়া হবে না। বরং সংশ্লিষ্ট ভোটারকেই নাম অন্তর্ভুক্তি, কর্র্তন বা সংশোধনের জন্য তার এলাকার রেজিস্ট্রেশন অফিসার (জেলা নির্বাচন অফিসার ) অথবা সহকারী রেজিস্ট্রেশন অফিসার (উপজেলা /থানা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা) ’এর কার্যালয়ে নিজ উদ্যোগে যোগাযোগ করতে হবে।

তিনি আরও জানান, বিদ্যমান তালিকা তো আছেই, হালনাগাদ করার পর যা তৈরী হবে, তা সম্পূরক ভোটার তালিকা। এবং নির্বাচন কমিশন এটি সাধারণ্যে প্রকাশ করবে না।

হালনাগাদ করণ প্রক্রিয়ার সম্ভাব্য ব্যয় বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে পরে জানানো হবে বলে তিনি জানান।

সুপ্রীম কোর্টের রায় পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষিত চলমান খসড়া ভোটার তালিকার কার্যক্রম বাতিল করা বা এ সংক্রান্ত কোনো আলোচনা কমিশনের বৈঠকে হয়েছে কিনা, সে ব্যাপারে জকরিয়া কিছু জানাননি।

সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (আইন) একেএম সলিম উল্লাহ, উপ-সচিব (নির্বাচন) মিহির সারোয়ার মোর্শেদ, সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি ফরহাদ হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।