তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে আ.লীগ সংসদের ভেতর ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে: হাসিনা
সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে তার দল সংসদের ভেতর ও বাইরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবে।
জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগ সংসদীয় দলের ঘন্টাব্যাপী বৈঠকে শেখ হাসিনা বলেন, নির্যাতনকারী, গণবিচ্ছিন্ন বিএনপি--জামাত জোট সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে রোববার তার দলের সাংসদসহ নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশি নির্যাতনে সরকারের কঠোর সমালোচনা করেন।
আওয়ামী লীগ কি সংসদ থেকে পদত্যাগ করবে-- এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, দলীয় সাংসদরা বাজেট অধিবেশনে ফ্লোর নিয়ে কথা বলবেন।
বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, মোহাম্মদ নাসিম, মেজর জেনারেল (অব.) কেএম শফিউল্লাহ, সোহেল তাজ এবং জাহিদ আহসান রাসেলের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনা করে বলেন, পুলিশের হাত থেকে শিশু, সাংবাদিক এবং ফটো সাংবাদিকরাও রেহাই পায়নি।
তিনি আরো বলেন, সরকার গণগ্রেপ্তার করে সংবিধান লঙ্ঘন করেছে। সাংসদদের মারধর করেও পুলিশ ক্ষান্ত হয়নি বরং তাদের বিরুদ্ধে মামলাও করেছে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দু কমিশনারের পদত্যাগ দাবিতে তাদের অবস্থান অনড়।
তিনি আরো বলেন, আমাদের দাবি সুস্পষ্ট। আমরা চাই, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি মেনে নিক। কিন্তু সরকার এর পরিবর্তে উল্টো পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।
পরে বিরোধী সাংসদরা সংসদের অধিবেশনে যোগ দেন।
