ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে ডিআরইউ
বিরোধী দলের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি চলাকালে রোববার গাজীপুরের টঙ্গিসহ রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইই)।
ডিআরইউ সভাপতি শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী সোমবার এক বিবৃতিতে জানান, পুলিশ বাহিনীর সদস্যরা অকারণে সাংবাদিকদের ওপর মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে। রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে। নির্দয়ভাবে লাঠিপেটা করেছে। পুলিশের এ ধরনের বর্বরোচিত হামলায় ডিআরইউ কার্যনির্বাহী সদস্য প্যাট্রিক ডি’কস্তাসহ বেশ কয়েকজন সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত।
ভবিষ্যতে এমন অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একই সঙ্গে তারা হামলা ও নির্যাতনের জন্য দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
