২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রমন থেকে আদালতও রক্ষা পায়নি: বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, সংসদ এমনকি আদালতও ঢাকা অবরোধ নামের আক্রমন থেকে রক্ষা পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

জাতীয় সংসদে রোববার তিনি ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে বলেন, বিরোধী দল ঢাকা অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তারা পুলিশ ও জনসাধারণের ওপর হামলা চালিয়েছে। তারা দেশব্যাপী সন্ত্রাস চালাচ্ছে।

তিনি বলেন, প্রধান বিচারপতির আদালতে প্রবেশ রোধ করার কোনো অধিকার তাদের নেই। তারা বিচারপতি ও আইনজীবীদের আদালতে প্রবেশের সময়ও বাধা দিয়েছে।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের এমপিদের ছাড়াই দুপুরে সংসদের বৈঠক শুরু করা হয়।

আ’লীগ সূত্র জানায়, বিরোধী দলের কর্মসূচি এবং বিরোধী দলীয় চিফ হুইপ আব্দুস শহিদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আওয়ামী লীগ সংসদ অধিবেশন বর্জন করে।

পুলিশি হামলা প্রসঙ্গে বাবর সংসদে বলেন, একটি গণতান্ত্রিক সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা হলো জনগণের জানমালের সুরক্ষা করা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন নির্বাচনকে সামনে রেখে সংসদে থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দরকার তখন আইন অমান্য করে তাদের এ ধরনের কর্মসূচির কারণ কী?

তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে কেন তারা ধ্বংসাত্মক কর্মসূচি চালাচ্ছে?

এর আগে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সংসদে পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের কর্মসূচির ফলে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।

তিনি বলেন, বিরোধী দল দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে এ ধরনের কর্মসূচি দিয়েছে। যখনই দেশের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় থাকে, তখনই তারা এ ধরনের কর্মসূচি দেয়।