১২ জুন থেকে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে আ.লীগ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সরকারকে দুই দিনের আলটিমেটাম দিয়ে বলেছে, ১১ জুনের মধ্যে গণগ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অত্যাচার নির্যাতন বন্ধ না হলে ১২ জুন থেকে লাগাতার হরতাল সহ ধারাবাহিক কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় হরতালসহ আন্দোলন কর্মসূচি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের জানান।
ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা।
সভা শেষে দলের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিতে ১১ জুন ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গণগ্রেফতার ও দমন নীতির মুখে বিরোধী দল রাজপথের চূড়ান্ত আন্দোলনের অবস্থান নিয়েছে।
বাধা বিপত্তি উপেক্ষা করে ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার জন্য সভা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে সংসদে উত্থাপিত ২০০৬ - ২০০৭ অর্থ বছরের বাজেট, ১৪ দলের ঢাকা অবরোধ এবং সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিও চূড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে থাকবে ২৩ জুন রাজধানীতে গণর্যালি এবং ২৬ জুন আলোচনা সভা।
কার্যনির্বাহী সংসদের সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অপর দুই কমিশনারকে অপসারণ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজও করা যাবে না বলে দাবি করেন তিনি।
