২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীফ হুইপের ছেলে পবনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

চীফ হুইপ খন্দকার দেলওয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনকে গাড়ি ছিনতাই করার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বুধবার রাতে চোরা গাড়ি রাখার অভিযোগে আটক করে।

কয়েক ঘন্টা ধরে লুকোচুরি খেলার পর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (ডিসি) বৃহস্পতিবার বিকেলে এ গ্রেফতারের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।

ডিবি পুলিশ এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করলে সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্যে পবনকে হাজির করা হয়।

পবন অবশ্য গাড়ি চুরির অভিযোগ অস্বীকার করেছে। 

২০০৫ সালের ১৩ অক্টোবর বন্দুক দেখিয়ে টয়োটা প্রিমিয়াম গাড়ী ছিনতাইয়ের ঘটনায় মতিঝিল থানায় দায়েরকরা এক মামলায় পবনকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিবি পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত পবনের ঘনিষ্ট রবিনকে আটক করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায়।

“ডিবি’র একটি বিশেষ দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের ইউরোহাট নামের একটি ফাস্ট ফুডের দোকান থেকে পবনকে ছিনতাইকারী গাড়িটি সহ আটক করে” বলে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার জানান।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আরও জানান, ২০০৫ সালের ১৩ অক্টোবর মতিঝিলের আমীন কোর্টের সামনে থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা বন্দুক দেখিয়ে টয়োটা প্রিমিয়াম গাড়ী ছিনতাই করে।

“পরে গাড়ির মালিক এ ব্যাপারে মতিঝিল থানায় একটি মামলা (নাং-৪৩) দায়ের করেন”, গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার জানান।

পবনকে উদ্ধৃত করে ডিসিডিবি জানান, সে (পবন) গাড়িটি কোনও এক ব্যক্তির কাছ থেকে কিনে নিয়েছে।

“আমরা এটি ছিনতাইকৃত ওই গাড়িটিই কি না তা যাচাইয়ের জন্যে কাগজপত্র বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠিয়েছি,” ডিসি ডিবি বলেন।

এর আগে ২০০৫ সালের ২৮ ফেব্র“য়ারি ডিবি পুলিশ পবনকে একটি ফোন ফ্যাক্সের দোকান ভাংচুর ও গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যে রাজধানীর আমানিটোলার একটি স্টেশনারি দোকান থেকে গ্রেফতার করেছিলো।