গার্মেন্টস খাতের সমস্যার যথাযথ সমাধানে সাংবাদিক নেতৃবৃন্দের আহবান
দেশের গার্মেন্টস খাত রক্ষায় গার্মেন্টস মালিক ও গণমাধ্যম নেতারা একযোগে কাজ করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন।
রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার শতাধিক গার্মেন্টস অগ্নিসংযোগ ও ভাংচুরের ফলে যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তাতে দেশের গার্মেন্টস খাত ধ্বংসের মুখে উপনীত হয়েছে বলে বক্তারা জানান।
গণমাধ্যম ও গার্মেন্টস মালিক নেতারা মে মাসের তৃতীয় সপ্তাহে সমস্যার একেবারে গোড়ার দিকে সরকারের উদাসীন থাকার অভিযোগ করে তার নিন্দা জানান। গার্মেন্টস খাতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের বলেও তারা মত প্রকাশ করেন।
গার্মেন্টস খাতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
দৈনিক যুগান্তরের সম্পাদক গোলাম সারোয়ার বলেন, পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে এবং দেশের অর্থনীতির ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। তিনি রোববার শ্রমিক ইউনিয়ন, বিজিএমইএ এবং সরকারের মধ্যে ত্রিপক্ষীয় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা দ্রুত বাস্তবায়নের জন্য গার্মেন্টস নেতাদের প্রতি আহ্বান জানান।
দি ডেইলি ইনডিপেন্ডেন্টের ব্যবস্থাপনা সম্পাদক গোলাম তাহাবুর তার বক্তব্যে গার্মেন্টস খাতে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
নিউ এজের সম্পাদক নূরুল কবির বলেন, গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়ন না থাকায় মালিকরা শ্রমিক পক্ষের সাথে আলোচনায় বসতে পারেননি। ফলে সঙ্কট আরও গভীর হয়েছে।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত গত ২১ ও ২২ মে সাভার ও আশুলিয়ায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটিকে গুরুত্বের সাথে বিবেচনা না করার জন্য সরকার, বিরোধী দল ও বিজিএমইএ নেতাদের দায়ী করেন।
বিজিএমইএ সভাপতি টিপু মুন্সী গার্মেন্টস খাত রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য গণমাধ্যম নেতাদের প্রতি অনুরোধ জানান।
তিনি ত্রিপক্ষীয় চুক্তি কার্যকর করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। চুক্তিতে সাপ্তাহিক ছুটি, সবেতন মাতৃত্বকালীন ছুটি, তিনমাসের মধ্যে মজুরি বোর্ড গঠন এবং শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, গার্মেন্টস খাতে সংঘটিত সর্বশেষ সহিংসতা দেশের বৃহত্তর এই রপ্তানি খাতের ভিতকে নাড়িয়ে দিয়েছে।
চট্টগ্রামের একজন বিজিএমইএ নেতা বিদ্যমান পরিস্থিতির ব্যাপারে বলেন, চট্টগ্রামে পাঁচ শতাধিক গার্মেন্টস কারখানা রয়েছে। সেখানে কোনও দুর্ঘটনা না ঘটলেও ঢাকার পরিস্থিতি এ খাতকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের আভাস দিচ্ছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক আমার দেশের সম্পাদক আমানুল্লাহ কবির, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহীউদ্দিন, সংবাদসংস্থা বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী, এনটিভির ব্যবস্থাপনা সম্পাদক এনায়েতুর রহমান বাপ্পী, চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, ডেইলি স্টারের নগর সম্পাদক শাহরিয়ার খান, বিজিএমইএ সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এবং পরিচালক ফজলুল হক অংশ নেন।
