সুপ্রীম কোর্টের রায় এখনো ইসিতে পৌঁছেনি, ভোটার তালিকা হালনাগাদের সময় পার হয়ে যাচ্ছে
ভোটার তালিকা সংক্রান্ত সুপ্রীম কোর্টের রায়ের সার্টিফায়েড কপি রোববারও নির্বাচন কমিশনে পৌঁছেনি। এদিকে ভোটার তালিকা হালনাগাদ করার সময়ও দ্রুত পার হয়ে যাচ্ছে।
২০০২ সালের প্রণীত ভোটার তালিকাকে ভিত্তি ধরে নতুন ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে নির্বাচন কমিশন সুপ্রীম কোর্টে যে আপিল করেছিলো, দেশের সর্বোচ্চ আদালত তা ২৩ মে নাকচ করে দেয়।
নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, সুপ্রীম কোর্টের রায় পাওয়ার পর তা পড়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। রায় পর্যালোচনার জন্যে আপিল করা হবে, এমন কোনো পরিকল্পনা গৃহীত হয়নি বলে জানান তিনি।
রায়ের খসড়া কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে, এমন বক্তব্যে মোহাম্মদ জকরিয়া বলেন, এটি একটি গুজব, লুকিয়ে রাখার কিছুই নেই। আমরা কোনো কপিই পাইনি।
ইসি ভোটার তালিকা হালনাগাদের কাজ স্বল্প সময়ে সম্পন্ন করতে পারবে কি--না, এমন প্রশ্নে জবাব এড়িয়ে যান জকরিয়া।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার রোববার আবারও সাংবাদিকেদের সাথে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
ক্ষমতাসীন দলের একজন এমপি’র মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলকে কেবল কথা বলার অনুমতি দিলে তা নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
