‘চক্রান্তের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখতেই ক্ষমতাসীনরা সাংবিধানিক সংকট সৃষ্টির কথা বাজারে ছেড়েছে’
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ অভিযোগ করেছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বিএনপি - জামাত জোট ভোট পাবে না জেনেই নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একারণেই তারা ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির কথা বাজারে ছেড়েছে।
দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হলে ১৪ দল দায়ী থাকবে’ বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার এ বক্তব্যের তীব্র বিরোধিতা ও সমালোচনা করে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিডিনিউজ’কে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে চাই বলেই গণতান্ত্রিক ধারায় নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু জোট সরকার আবারো ক্ষমতায় ফিরতে চক্রান্তের পথ বেছে নিয়েছে। সাংবিধানিক সংকটের কথা বলে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা।
দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বিডিনিউজকে বলেন, চক্রান্ত করে সাংবিধানিক সংকট সৃষ্টির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখতে চায় বলেই তারা (বিএনপি) এমন ধরণের কথা বাজারে ছেড়েছে।
তিনি বলেন, জনগণের দাবি মেনে নিয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে ক্ষমতা ছেড়ে দিলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায়। সরকার গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হলেই দেশে সাংবিধানিক সংকটের কোনো ধরনের সুযোগই থাকে না।
