বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানী করতে কুয়েতের প্রতি শেখ হাসিনার অনুরোধ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরও জনশক্তি আমদানী করতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই জনশক্তির মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
কুয়েতী রাষ্ট্রদূত আব্দুল লতিফ আলী আল মাওয়াশ বৃহস্পতিবার শেখ হাসিনার ধানমন্ডিস্থ সুধাসদন বাসভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান। প্রায় এক ঘন্টাব্যাপী এ আলোচনায় তারা দ্বি-পাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন বলে দলীয় সূত্র জানায়।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান, তারা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়াও বিরোধী দলীয় নেতা রাষ্ট্রদূতকে তেলসম্দ্ধৃ দেশটির আমির এবং জনগণের কাছে তার শুভকামনা পৌঁছে দেয়ার অনুরোধ করেন।
বাংলাদেশে তেল শোধনাগার নির্মানের কুয়েতী পরিকল্পনা এবং তার অগ্রগতি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কিছু জানেন না বলে জানান।
বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের বহুদিনের প্রগাঢ় বন্ধুত্ব।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও জনশক্তি কুয়েতে পাঠানো এবং তাদের মানোন্নয়নে প্রশিক্ষণ সুবিধা প্রদানের ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি।
সাক্ষাৎকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি উপস্থিত ছিলেন।
