ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক: অনিয়ম নিয়ে কথা বলতে না পেরে বিরোধী সাংসদ শাজাহান খানের ক্ষোভ
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জাকাতের অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলতে না পেরে আওয়ামী লীগ সাংসদ শাজাহান খান ক্ষোভ প্রকাশ করেছেন।
সংসদ ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে তিনি ওই বিষয়ে আলোচনা করতে চাইলে সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী তড়িঘড়ি করে বৈঠক মূলতবি করে দেন।
পরে অপেক্ষমান সাংবাদিকদের শাজাহান খান বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জাকাত বোর্ডের এক কোটি ৩৮ লাখ টাকা বিতরণের ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান ও জাকাত বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ নীতিমালা লঙ্ঘন করে দুটি জেলার জন্যেই এক কোটি এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছেন।
তিনি জানান, মন্ত্রীর নির্বাচনী এলাকা ভোলা জেলা থেকে জাকাতের মাত্র ৩০০ টাকা আদায় হয়েছে। নীতিমালা অনুযায়ী তার জেলায় জাকাতের অর্থ থেকে মাত্র ১৫০ টাকা বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু মন্ত্রীর জেলায় এনজিও প্রতিষ্ঠান বন্ধুজন পরিষদ নামে ৫০ লাখ এবং কাঠালিয়া মুসলিম একে ইনস্টিটিউটের নামে সাড়ে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
একইভাবে জাকাত বোর্ডের সদস্য আবুল কালাম আজাদের মাধ্যমে মানিকগঞ্জে মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট-এর নামে কয়েকটি প্রকল্পের জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ নেন।
তিনি অভিযোগ করেন, মন্ত্রী ও ওই সদস্য জাকাতের এ অর্থ নামমাত্র ব্যয় করে ও বাকী টাকা আত্মসাত করেছেন।
তিনি এ বিষয়ে আলোচনা করতে না দেওয়ায় কমিটির সভাপতির সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ করেন।
পরে কমিটির সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী সাংবাদিকদের বলেন, বৈঠকে আগামী হজ মৌসুমে ব্যালটি ও নন - ব্যালটি পর্যায়ে মোট ৬৫ হাজার জন যাত্রীকে হজে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব হজ যাত্রীর বিমান ভাড়া এক হাজার ৫০০ ডলার নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
তিনি জানান, এসব যাত্রীকে যেনো অন্যবারের মতো কোনো অসুবিধা বা হয়রানির শিকার হতে না হয় সেজন্য বিমান, ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি সমন্বয় সভা করারও পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহান, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, করিমউদ্দিন ভরসা, শাহ রুহুল কুদ্দুস, প্রমোদ মানকিন, মতিউর রহমান ও প্রকৌশলী শহীদুজ্জামান।
এছাড়াও বিশেষ আমন্ত্রণে বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিমান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী শাহাজাহান, আমজাদ হোসেন সরকার ও মতিয়ার রহমান তালুকদার বৈঠকে যোগ দেন।
