অবশেষে ইকবাল হাসান মাহমুদকে বিদ্যুত মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো
মাসের পর মাস ধরে ব্যর্থতার জন্যে সমালোচনা এবং সপ্তাহব্যাপী পদত্যাগের গুজবের পর রোববার প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে বিদ্যুত মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো।
তাকে কৃষি প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যুত বিভাগের দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল কবির তালুকদার।
এক সরকারি আদেশে এই রদবদল ঘটানো হয়।
খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সচিবালয়ে প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দপ্তরে আসতে থাকেন বিদ্যুত বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং পদস্থ কর্মকর্তারা। তারা প্রতিমন্ত্রীর সাথে কথা বলেন ।
উপস্থিত হন অর্ধশত সাংবাদিকও। এই রদবদল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এক সময়কার সফল ব্যবসায়ী ও এখনকার ব্যর্থ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, এটা সরকারের ব্যাপার। সরকার চাইলে বদলতো হতেই পারে।
সম্প্রতি বিদ্যুত সঙ্কটই সরকারকে সবচে বেশি চ্যালেঞ্জ ও সমালোচনার মুখে ফেলেছে।
এই রদবদল তার ব্যর্থতার কারণে কিনা জানতে চাইলে তিনি বলেন, এর বিচার আপনারাই (সাংবাদিকরা) সবচেয়ে ভালো করতে পারবেন।
তিনি রোববার বিকেল ৪ টা পর্যন্ত তার বিদ্যুত মন্ত্রণালয়ের দপ্তরে ছিলেন।
সোমবার থেকে তিনি কৃষি মন্ত্রণালয়ে বসবেন কি না তা অবশ্য নিশ্চিত নয়। জানা গেছে, কৃষি প্রতিমন্ত্রীর জন্যে নির্ধারিত কক্ষে বর্তমানে অন্য মন্ত্রণালয়ের একজন উপমন্ত্রী বসছেন।
কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে সম্প্রতি কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, আনোয়ারুল কবির তালুকদার সোমবার থেকে বিদ্যুত মন্ত্রণালয়ে বসবেন।
এর আগে পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে করা হয় দপ্তর বিহীন মন্ত্রী। এছাড়াও পূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির এবং বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলুকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।
সর্বশেষ রদবদলের পর সাবেক মন্ত্রী, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুত খাতে সীমাহীন ব্যর্থতার দায় শুধু ইকবাল হাসান মাহমুদের একার নয়, পুরো সরকারের। প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাই তাকেও ব্যর্থতার দায়ভার নিতে হবে।
সাবেক জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ইকবাল হাসান মাহমুদ কেবলমাত্র বিদ্যুত খাতকেই নয় পুরো জাতিকে আগামী তিন বছর মেয়াদী একটি বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়ে বিদায় নিলেন।
তিনি বলেন ‘ব্যর্থতাতো নতুন নয়। তা হলে প্রধানমন্ত্রী কেন তাকে তিন বছর আগে সরিয়ে দিলেন না? এই খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আজকের এই ব্যর্থতার দায় পুরোটাই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।’
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি বিডিনিউজকে বলেন, শুধুমাত্র জ্বালানি ও বিদ্যুত মন্ত্রণালয় নয়, জোট সরকারের সব মন্ত্রণালয় তথা পুরো সরকারই ব্যর্থ। শুধুমাত্র বিদ্যুত প্রতিমন্ত্রী নয়, ওই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ পুরো মন্ত্রীসভা তথা সরকারেরই বদল দরকার।
তিনি বলেন, এই বিদ্যুত প্রতিমন্ত্রীর অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। আর এখন শুধুমাত্র তাকে বদল করে জাতির কোনো লাভ হবে না। কারণ সরকারের পুরো ‘বডি’ই শেষ হয়ে গেছে। এখানে ‘ট্রান্সপ্লান্টের’ আর কোনো সুযোগ নেই।
ডেসার সাবেক চেয়ারম্যান এসটিএস মাহমুদ মনে করেন, ইকবাল হাসান মাহমুদকে ‘বলির পাঠা’ বানানো হয়েছে।
মাহমুদ বলেন, তিনি ছিলেন প্রতিমন্ত্রী। তার নিয়ন্ত্রক ছিলেন পূর্ণমন্ত্রী। তিনি যেই হোন না কেন, এই ব্যর্থতার দায় তার। কেননা কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রতিমন্ত্রীর ছিল না।
তিনি বলেন, এটা সময় হারিয়ে সিদ্ধান্ত নেয়া। এই রদবদলের কোনো তাৎপর্য আছে বলে আমি মনে করি না।
পিডিবি এবং আরইবি’র সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম এ মালেক বলেন, ‘দপ্তর বদল করে সমস্যার কোনো সমাধান হবে না। ধারাবাহিকতা না থাকার কারণেই আজকে বিদ্যুত খাতের এ সমস্যা। বিদ্যুত নিয়ে জাতির ভোগান্তির কেবল শুরু। দপ্তর অদল বদল করে বিদ্যুত সমস্যা যৎসামান্যও কাটানো যাবে না।’
