নিজের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে দর্শক সারিতে শেখ হাসিনা
নিজের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে দর্শক সারিতে বসে দলীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট জনদের দীর্ঘ বক্তব্য শুনলেন শেখ হাসিনা।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, অধ্যাপক শামসুল হুদা হারুন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কাজী খলীকুজ্জামান, সৈয়দ শামসুল হক এবং আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সভাস্থলে এসে সরাসরি দর্শকের সারিতে বসেন। এখানে বসেই তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতা এবং অন্যান্য আলোচকদের বক্তব্য শোনেন। অন্যরকম এক পরিবেশে ‘শ্রোতা শেখ হাসিনা’ বাদাম খান এবং চা পান করেন।
এর আগে সকালে দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মহিলা আওয়ামী লীগ ধানম-ি ৩২ নম্বর সড়ক থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করে। নেতা--কর্মীরা পরে সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়ে বলেন, ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করুন। জুলুমবাজ ব্যর্থ জোট সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলে দুঃশাসনের কবল থেকে জাতিকে মুক্ত করুন।
এসময় আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী, অধ্যাপিকা নাজমা রহমান ও ডা. দিপু মনি এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী আশরাফুন্নেসা মোশাররফ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সাফিয়া খাতুন, ফরিদা রহমান, অঞ্জলি সরকার, ফরিদুন্নাহার লাইলি, পিনু খান, নাসিমা মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
