৪ শীর্ষ আমলার বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি ২১ মে
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের দেওয়া ১২ দফা নির্দেশনা সরকারের চার শীর্ষ আমলা মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে জারিকৃত আদালত অবমাননা রুলের শুনানি ২১ মে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সোমবারের দিনের কার্যতালিকায় রুলের শুনানি দ্বিতীয় স্থানে থাকলেও এদিন শুনানির জন্যে পর্যাপ্ত সময় না থাকায় শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ২১ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন।
সোমবার নির্ধারিত শুনানি অনুষ্ঠিত না হলেও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার নির্দেশনার বিকৃত ব্যাখ্যা প্রদানের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত নয় সরকারি আমলা সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোঃ আব্দুর রব হাওলাদার, উপসচিব মোঃ আবুল কালাম চৌধুরী ও সিনিয়র অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সচিব মোহাম্মদ হারুন--অর--রশিদ, মন্ত্রিপরিষদ উপসচিব মোঃ ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব একেএম মোতালেব হোসেন।
২১ মে নির্ধারিত শুনানির দিন অভিযুক্তদের সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। অ্যাডভোকেট টিএইচ খান অভিযুক্তদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন।
মাজদার হোসেন মামলা বলে অধিক পরিচিত বিচার বিভাগ পৃথকীকরণ মামলার ইন্টারভেনার ব্যারিস্টার এম আমীর--উল--ইসলামের চলতি বছরের ৩ এপ্রিল দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের শীর্ষ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেন। তারা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইনসচিব আলাউদ্দিন সরদার, সংস্থাপনসচিব ড. মাহবুবুর রহমান এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইনসচিব আলাউদ্দিন সরদার এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান ২৪ এপ্রিল আইনজীবীর মাধ্যমে রুলের জবাব দেন ও আদালতের ১২ দফা নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্যে সর্বোচ্চ আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সংস্থাপনসচিব ড. মাহবুবুর রহমান অবশ্য কোনো মন্তব্য না করেই তার কর্মকা-ের ব্যাখ্যা দিয়েছেন।
