২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আসিয়ানের সাথে কাজ করার পরিকল্পনা করছে সার্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য রাষ্ট্রগুলো দক্ষিণ এশিয়া থেকে সন্ত্রাসবাদ দমন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে একসাথে কাজ করতে কৌশল প্রণয়নের পরিকল্পনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পুলিশ বিভাগের সহযোগিতার ওপর আয়োজিত পঞ্চম সার্ক সম্মেলনের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বুধবার বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সফর রাজ হোসেন সাংবাদিকদের বলেন, সন্ত্রাসবাদ ও মাদকের বেআইনি ব্যবহার দক্ষিণ এশিয়ার জন্য প্রধান উদ্বেগের বিষয়। সন্ত্রাসবাদের হুমকি আশঙ্কাজনকহারে বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার (৯/১১) ঘটনার পর।

সম্মেলন মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব বলেন, সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্য সার্কের সদস্য রাষ্ট্রগুলোর প্রধান উদ্বেগের বিষয়ে পরিণত হওয়ায় এ প্রতিবন্ধকতার সাথে লড়াই করতে আমরা আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে সহযোগিতা চাইতে যাচ্ছি।

তিনি বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে আমরা বৈঠক করার কথা বিবেচনা করছি।

তবে সচিব পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সফররাজ তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বৈঠকের ফলাফল বিবেচনার জন্য বৃহস্পতিবারের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে পেশ করা হবে।

স্বরাষ্ট্রসচিব বলেন, সার্কের কোনো দেশই মাদক অপব্যবহারের বাইরে নয়, এমনকি মালদ্বীপও নয়। এক সময়ের শান্তির ভূমি হিসেবে বিবেচ্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপে মাদকদ্রব্যের ব্যবহার কিভাবে ছেঁয়ে গেছে সে দিকে ঈঙ্গিত দিয়ে তিনি বলেন,সম্প্রতি মালদ্বীপ সরকার দেশটির একটি প্রবাল দ্বীপের সমুদ্রের পানির নিচ থেকে কয়েক টন হেরোইন উদ্ধার করেছে।

সফররাজ সঙ্কট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কের সদস্য রাষ্ট্রগুলোর সাথে যদিও আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, তবুও ‘বন্দি বিনিময় আইন ১৯৭৪’ অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর যেকোনো অপরাধীকে যেকোনো দেশের কাছে অর্পণ করতে পারেন।

বিস্ফোরকদ্রব্য সম্পর্কে বলতে গিয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, ভারতের সাথে ভবিষ্যতে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বিষয়টি উত্থাপন করা হবে।

মনে করা হয়, প্রতিবেশী ভারত থেকে বাংলাদেশে বিস্ফোরকদ্রব্য পাচার হয়ে এসেছে। আর তা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশের অভ্যন্তরে বিভিন্ন বিস্ফোরণ ও হামলার কাজে ব্যবহার করেছে।

তিনি বলেন, সার্ক সচিবরা প্রধানত সন্ত্রাসবাদ ও মাদকদ্রব্যের ওপর জোর দিয়েছে। বৈঠকে অন্যান্য আলোচিত বিষয় ও গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

সফররাজ বলেন, আন্তঃসীমান্ত অপরাধ বিশেষ করে সিনথেটিক মাদকদ্রব্যের ব্যবহার ও সন্ত্রাসবাদ নির্মূলে নতুন আইন প্রণয়নের ওপর বৈঠকে গুরুত্বারোপ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সার্কের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধানদের সম্মেলনে সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) আদলে সার্কপুলিশ বা সার্কপোল গঠন করতে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।