স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সার্ক স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক উদ্বোধন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বুধবার বলেছেন, ‘সার্ক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিণিময় সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মুদ্রা পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ হ্রাসে সহায়তা করবে।
নগরীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের উদ্বোধনকালে বাবর আশা প্রকাশ করেন, ‘শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার মধ্য দিয়ে কার্যকর কিছু সুপারিশ বেরিয়ে আসবে যা বৃহস্পতিবার নির্ধারিত স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে উপস্থাপন করা হবে’।
বাবর বলেন, ‘আপনাদের কার্যকর আলোচনার ওপর ভিত্তি করে প্রণীত সুপারিশ সার্ক তার কাঙ্খিত নিরপত্তা ও সমৃদ্ধির পথ নির্দেশনা গ্রহণে আমাদেরকে সহায়তা করবে, এবং আমাদের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ দক্ষিণ এশিয়ার জন্য যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন হবে।
সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বাবর বলেন, “সন্ত্রাসবাদ প্রতিরোধে ১২ টি আন্তর্জাতিক ঘোষণা ও সনদের মধ্যে আমরা ইতিমধ্যে ১১ টি অনুসমর্থন করেছি এবং সন্ত্রাসীদের অর্থায়ন সংক্রান্ত ১২ নম্বর ইনস্ট্রুমেন্টটিও আমরা শিগগিরই অনুসমর্থন করতে যাচ্ছি।”
আর্ন্তজাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দায়িত্ব পালন করে যেতে দৃড়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের সাথে আলোচনাকালে বাবর বলেন, “সার্ক দেশগুলো থেকে আগত সচিবরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিণিময়, প্রশিক্ষণ, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই, মাদকের অপব্যাবহার ও পাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। যা সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের পথে মূল প্রতিবন্ধক।”
সচিব পর্যায়ের বৈঠক থেকে প্রাপ্ত ফলাফল মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে বলেও বাবর উল্লেখ করেন।
পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব সৈয়দ কামাল শাহ, ভুটানের দেশো পেন্দির ওয়াংচুক, ভারতের ভিকে দুগাল, মালদ্বীপের ইব্রাহিম আহমেদ, নেপালের বাগিরাত বাসেট এবং শ্রীলংকার এইচকে বালাসুরিভা দিনব্যাপী আলোচনায় অংশ নেন।
বাবর পরে সফররত পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী আফতাফ আহমেদ খানের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারা অপরাধ, মাদক, মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদের ওপর আলোচনা করেন।
পাকিস্তানের মন্ত্রী বলেন, দ্বি-পাক্ষিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ দমন করতে পারলে আমরা অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে যেতে পারব।
