২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনগণের সম্পদ লুটপাট চালিয়ে যেতে চায়: জাতীয় সংসদে শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা মঙ্গলবার সংসদে  বলেছেন, ‘বিশ্ব বেহায়া’ সরকার স্বেচ্ছায় পদত্যাগ করবে না। যদিও সরকারের ১২ মন্ত্রী দুর্নীতির দায়ে চাকরি হারিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জাতীয় সংসদের ২১ তম অধিবেশনে ঘন্টাব্যাপী ভাষণে তিনি বলেন, তারা জনগণের সম্পদ লুট করে যাচ্ছে। এ কারণে সরকার স্বেচ্ছায় পদত্যাগ করবে না। জনগণের কাছে যান। তারা কানসাট ও শনির আখড়ার মত দেখিয়ে দেবে।

আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যে ‘ভুয়া ভোটার তালিকা’ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, পানি, গ্যাস ও বিদ্যুত সঙ্কট, কানসাট ও শনির আখড়ায় জনগণের ওপর নির্যাতন, জঙ্গিবাদ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, তারা জনগণের ভোট পাবে না এটা বিএনপি--জামাত জোট সরকার বুঝতে পেরেছে। সে কারণেই তারা আদালতের আদেশ অমান্য করে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছে।

তিনি সরকারকে দেশ ও দেশের জনগণের প্রতি উদাসীন উল্লেখ করে বলেন, দেশের মানুষ জোট সরকারের চুরি ও ব্যর্থতাকে মেনে নেবে না।

তিনি হাউজে বলেন, দেশের সব খানেই এখন কানসাট ও শনির আখড়ার মত পরিস্থিতি বিরাজ করছে।

সংস্কার ইস্যুতে শেখ হাসিনা বলেন, জনগণের অধিকার রক্ষা করতেই আওয়ামী লীগের সংস্কার প্রস্তাব।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রস্তাবকে গুরুত্ব দিয়ে আলোচনার জন্যে পাঁচজন শীর্ষ নেতাকে মনোনীত করেছিলাম। কিন্তু তারা জঙ্গিদের মদদদাতা, যুদ্ধাপরাধীদের নামের তালিকা দেয়।

বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী নিজেই নাম মনোনীত করেছেন।

বিএনপি বলছে, জোটের ঐক্যের স্বার্থে জামাত ও ইসলামী ঐক্যজোটের নাম দেওয়া হয়েছে- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, এটা কি ধরণের জোট যদি একটা দলের নাম প্রস্তাব করা না হয় তাহলে জোট ভেঙ্গে যাবে? এটা কি ধরণের নেতৃত্ব যে, শরীকরা নেতাদের ওপর আস্থা রাখতে পারে না?