৯ মে গাইবান্ধা - ৪ আসনে উপ--নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
আগামী ৯ মে গাইবান্ধা - ৪ আসনের উপ--নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপ-নির্বাচনে চারদলীয় জোট মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন, জাতীয় পার্টির (এরশাদ) লুৎফর রহমান চৌধুরী, নাগরিক কমিটির ব্যানারে পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী আতোয়ার রহমান (বেলাল), দুলাল উদ্দিন এবং কৃষক মোহাম্মদ সাদেক গাইবান্ধা উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১০২টি ভোটার কেন্দ্রে ১৫৫জন ম্যাজিস্ট্রেট, দুই হাজার আটশ’ ৪৫জন পুলিশ, দাঙ্গা পুলিশ, আনসার এবং ভিডিপির প্রহরায় ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দুই লাখ ৯৪ হাজার দুইশ’ ২৭ জন ভোটার ভোট দেবেন।
এছাড়া সেনাবাহিনীর ১৭০জন এবং বিডিআরের ১৭০জন সদস্য নির্বাচনী এলাকায় মোতায়ন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট এবং ১৬ জন অস্ত্রধারী পুলিশসহ ২৬ জন পুলিশ মোতায়ন করা ছাড়াও অতিরিক্ত ঝুকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত অস্ত্রধারী পুলিশ মোতায়ন করা হবে।
এরআগে ৫৫টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ এবং ১৫টিকে ‘অত্যাধিক ঝুকিপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়।
আটটি সামরিক কোর্ট এবং সেনাবাহিনী, বিডিআর, দাঙ্গা পুলিশের ৫১টি স্ট্রাইকিং ফোর্সের ভ্রাম্যমান দল সার্বক্ষণিক নির্বাচনী এলাকা টহলে নিয়োজিত থাকবে।
