২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখড়ার বীর জনতাকে রব্বানীর অভিনন্দন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ‘কানসাট আন্দোলন’র নেতা গোলাম রব্বানী পানী এবং বিদ্যুতের দাবিতে আন্দোলনকারী রাজধানীর শনির আখড়ার জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

কানসাট নেতা টেলিফোনে শনির আখড়ার পানি - বিদ্যুত সংগ্রাম পরিষদের আহ্বায়ক মোসলেমউদ্দিনের সাথেও আলাপ করেন এবং তাকে এই আন্দোলনকে সফল করে তোলার ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেন।

জনগণের আট দফা দাবি পূরণে সরকারের আশ্বাসকে স্বাগত জানিয়ে কানসাট নেতা কিছুদিনের মধ্যে এই দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্যে সরকারের প্রতিও আহ্বান জানান।

কানসাট নেতা গোলাম রব্বানী পানি - বিদ্যুত সংগ্রাম পরিষদের নেতাদের প্রতি সালাউদ্দিন এমপি’র লালিত সন্ত্রাসীদের হুমকির নিন্দা করেন এবং সরকারকে এ ব্যাপারে সতর্ক করে বলেন, “জনগণ যদি একজোট হয় তবে শুধু সালাউদ্দিন এমপি নয় সকল (৩০০জন) এমপি এমনকি চার-দলীয় জোট সরকারকেও অপমানজনক পরিস্থিতিতে পড়তে হবে।”

বিডিনিউজের সাথে এক সাক্ষাতকারে গোলাম রব্বানী কানসাটে তার আন্দোলনকে আদর্শ হিসেবে মেনে নিয়ে জনগণের এই আন্দোলন গড়ে তোলায় সন্তোষ প্রকাশ করেন।

কানসাটে তার নেতৃত্বাধীন একটি সফল বিশাল আন্দোলন গড়ে তোলায় তিনি জনগণকে ধন্যবাদ জানান এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের দাবি আদায়ে সকলকে সংগঠিত হতে আহ্বান জানান।

দীর্ঘ সাক্ষাতকারে কানসাট নেতা অতীতের সকল গণ আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ঘাতক শাহজাহান এমপি কানসাট আন্দোলন বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়। অতএব শনির আখড়ার আন্দোলনও বন্ধ করার ক্ষমতা সালাউদ্দিন এমপি’র সন্ত্রাসীদের নেই।

এক প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, সরকার যদি গণতান্ত্রিক এবং জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবন্ধ হয় তবে অবশ্যই জনগণের মৌলিক দাবি মেনে নিতে হবে।

শনির আখড়া আন্দোলনের আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুদ বিডিনিউজকে বলেন, তার সাথে কানসাট আন্দোলনের নেতার কথা হয়েছে, তিনি এব্যাপারে একাত্মতা প্রকাশ করেছেন এবং তাকে কিছু পরামর্শও দিয়েছেন।

শনির আখড়ার জনগণ পানি এবং বিদ্যুতের দাবিতে এই আন্দোলনে নেমেছে। কিন্তু ক্ষমতাসীন দলের সালাউদ্দিন এমপি’র সন্ত্রাসীরা এ ব্যাপারে পানি-বিদ্যুত সংগ্রাম পরিষদ কমিটির নেতাদের হুমকি দিচ্ছে। তিনি বলেন, কানসাট আন্দোলনে অনুপ্রাণিত হয়ে শনির আখড়ার আন্দোলন শুরু করা হয়েছে।

কানসাট আন্দোলনে পুলিশের গুলিতে কমপক্ষে ১৯জন সাধারণ মানুষ নিহত হয়।