২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির সকল ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা পাঠাতে পারেনি নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত বুধবারের খসড়া ভোটার তালিকা পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কয়েক জন ওয়ার্ড কমিশনার জানান, তারা এখনো পূর্ণ খসড়া ভোটার তালিকা হাতে পাননি।

বুধবার ইসি’র নতুন ভোটারের খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৫৯২ জন বলে উল্লেখ করা হয়েছে। আগের ভোটার তালিকার চেয়ে যা এক কোটিরও বেশি।

খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলেও তালিকায় নারী ও পুরুষ ভোটারের সংখ্যা বা অনুপাত কত, চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে তার কিছুই জানানো হয়নি।

ইসি সচিবালয়ের উপসচিব মোঃ আবুল কাশেম বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সকল ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে খসড়া ভোটার তালিকা পৌঁছে যাবে। ভোটার তালিকার ব্যাপারে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি বলেন, ওইগুলো ৭ মে প্রকাশ করা হবে।

রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে বিডিনিউজের এ প্রতিবেদক দেখতে পান, জনগণের দেখার সুবিধার্থে ওয়ার্ড কমিশনারদের কার্যালয়ের মতো বিশেষ বিশেষ স্থানে খসড়া ভোটার তালিকা টাঙিয়ে দেওয়ার কথা থাকলেও ওয়ার্ড কমিশনাররা এখনো তালিকা হাতে পাননি।

মোহাম্মদপুর এলাকার নুরজাহান রোডে ৪৪ নম্বর ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে গিয়েও সেখানে প্রদর্শনের জন্যে ভোটার তালিকা দেখা যায়নি। ভোটার তালিকা ওই কার্যালয়ে আদৌ পৌঁছেছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করার মতো কাউকে ওই কমিশনারের কার্যালয়ে পাওয়া যায়নি।

বিকেল ৩টার দিকে ৫ নম্বর ওয়ার্ড কমিশনার আবু সাঈদ চৌধুরী বিডিনিউজকে বলেন, আমি এখনো ভোটার তালিকা পাইনি। বেলা সাড়ে ৩টার দিকে ভোটার তালিকা প্রাপ্তির ব্যাপারে ১৪ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজী আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অসম্পূর্ণ একটি তালিকা পেয়েছেন। পূর্ণাঙ্গ ভোটার তালিকার জন্যে তিনি অপেক্ষা করছেন বলে জানান।

তবে ১৮ ও ৮৫ নম্বর ওয়ার্ডের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আনোয়ার হোসেন বীর প্রতীক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তিনি সম্পূর্ণ ভোটার তালিকা হাতে পেয়েছেন।