২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে সম্মিলিত আন্দোলন গড়ে তুলতে আইনজীবিদের প্রতি শেখ হাসিনার আহবান

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি - জামাত জোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র নীলনকশা প্রতিরোধে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আইনজীবিদের আহবান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

তিনি বলেন, ‘ বিএনপি - জামাত জোট জনগণের ভোটে নয়, ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসার জন্য পরবর্তী জাতীয় নির্বাচনে ‘ভোট ইঞ্জিনিয়ারিং’র সকল প্রস্তুতি তারা শেষ করেছে এবং এ কারণেই তারা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায় না। চলমান আন্দোলনের মাধ্যমে তাদের এই ষড়যন্ত্র নস্যাত করে দেওয়া হবে’। 

সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) সহ দেশব্যাপী বার কাউন্সিলের নির্বাচনে নির্বাচিত আইনজীবিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ (এসএএসপি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এসসিবিএ সভাপতি ব্যারিস্টার এম আমীর - উল - ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, অ্যাড. ওজায়ের ফারুক ও অ্যাড. মাহবুবে আলম বক্তব্য রাখেন।