ব্যাপক নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার টঙ্গী পৌরসভা নির্বাচন
টঙ্গী পৌরসভা নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৬৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে টাকা চার ঘন্টা ভোট গ্রহণ করা হবে। বুধবার থেকে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী সদস্য টঙ্গী ও গাজীপুরে টহল দিতে শুরু করেছে।
চেয়াম্যান পদে আ’লীগ প্রার্থী আজমত উল্লা খান (মোমবাতি), জোট প্রার্থী হাফিস উদ্দিন সরকার (বাইসাইকেল) এবং জোটের বিদ্রোহী প্রার্থী কারাবন্দী নূরুল ইসলাম সরকার (ছাতা) মার্কায় প্রতিদ্বন্ধিতা করছেন। এ ছাড়াও সাধারণ কমিশনার পদে ১২টি ওয়ার্ডে ৬৯জন ও তিনটি সংরক্ষিত আসনে ১৬ জন প্রার্থী রয়েছেন। একক প্রার্থী হওয়ায় ২নং সংরক্ষিত আসনে রাখী সরকারকে ইতিমধ্যে বিজয়ী ঘোষণা দেওয়া হয়েছে।
রিটার্ণিং অফিসার একেএম ফজলুল হক নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানান, নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক বিডিআর, দাঙ্গা পুলিশ ও আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও ছয়টি ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকায় কর্মরত থাকবেন।
ভোটগ্রহণের ৩৬ ঘন্টা আগে মঙ্গলবার মধ্যরাত থেকে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও বুধবার সারাদিন প্রার্থীদের মধ্যে গণসংযোগ করতে দেখা গেছে।
এদিকে বুধবার দুপুরে এরশাদনগর এলাকায় জোট প্রার্থী হাফিসউদ্দিন সরকারের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী নূরুল ইসলাম সরকারের ছেলে শাহনূর ইসলাম সরকারকে নাজেহাল করার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী অ্যাড. আজমত উল্লা খান অভিযোগ করেছেন ৩নং ওয়ার্ডের আউচপাড়ায় তার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিকালে পুলিশ সুপার আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে রিটানিং অফিসার ও সদর উপজেলা কর্মকর্তা একেএম ফজলুল হজ জানান ঘটনার ব্যাপারে শাহনূর ইসলামের পক্ষে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
