২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জ উপনির্বাচনে কারচুপির অভিযোগ করলেন নাগরিক কমিটির প্রার্থী

নাগরিক কমিটির প্রার্থী মুশফিকার রহমান খান হান্নান মানিকগঞ্জ উপনির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সকল প্রার্থীর উপস্থিতিতে ১৯ এপ্রিল অনুষ্ঠিত ওই নির্বাচনের  ভোট পুনর্গণনার দাবি জানান।

মুশফিকুর রহমান হান্নান দাবি করেন বলেন, সরকার দলীয় প্রার্থী মাইনুল ইসলাম শান্ত’র সাথে প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে তাকে পরাজিত ঘোষণা করা হয়। কিন্তু ভোট পুনর্গণনা করা হলে তিনি বিজয়ী হবেন।

তিনি বলেন, কারণ ভোট গণনার পর ১০০ টি করে ভোটের জন্য যেসব বান্ডিল করা হয়েছে, সেখানে সরকার দলীয় ধানের শীষের বদলে অধিকাংশই রয়েছে তার প্রতীক ঘড়ির ভোট। এগুলোতে কৌশলে ওপরে ও নীচে ধানের শীষের ব্যালট দিয়ে বান্ডিল করা হয়।

তিনি আরো বলেন, নির্বাচনের সময় কোনো কেন্দ্রেই তার সমর্থক পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি।

এছাড়া তিনি তার সমর্থক নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিকভাবে নাগরিক কমিটির নেতাদের আটকে রাখার অভিযোগ করেন।

হান্নান অভিযোগ করেন, ওই উপনির্বাচনে উপস্থিতি কম থাকলেও ভোট গ্রহণ দেখানো হয় ৭০ থেকে ৮০ শতাংশ। এর মধ্যে সরকার দলীয় প্রার্থীর ইউনিয়নের তিনটি কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট গ্রহণ দেখানো হয়। অন্য প্রার্থীদের এলাকায় এ ভোট গ্রহণ দেখানো হয় মাত্র ৪০ থেকে ৪৫ শতাংশ।

তিনি জানান, এ ব্যাপারে রিটার্নিং অফিসারকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলেও তিনি তিনি কোনো ব্যাবস্থা নেননি। এ ব্যাপারে রোববার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।