খালেদা-নিজামী সরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে - শেখ হাসিনা
জাতীয় সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দুর্ণীতি, লুটপাট ও দুঃশাসনের ফলে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে খালেদা-নিজামী সরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, দমন-পীড়ন, গ্রেপ্তার, অত্যাচার, নির্যাতনের নিকৃষ্টতম পথ বেছে নিয়ে জোট সরকার জনগণের রুদ্ররোয থেকে বাচঁতে পারবে না দেশজুড়ে সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাড়াবে।
বিবৃতিতে বিএনপি-জামাত জোট সরকারের লেলিয়ে দেওয়া পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার, দমন-পীড়ন, অত্যাচার, নির্যাতন উপেক্ষা করে হরতাল পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ কেউ স্তব্ধ করতে পারেনি, এই সরকারও পারবে না। জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনের বিজয় সুনিশ্চিত।
হরতাল চলাকালে পুলিশের বেধড়ক লাঠিচার্জে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৪ দল ও সহযোগী সংগঠনের শতাধিক কর্মীকে গ্রেপ্তার করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি বলেন, জোট সরকারের হত্যা, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি ও দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত দেশের মানুষ আজ জেগে উঠেছে। যে কোন ত্যাগের বিনিময়ে জনগণ যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী, উগ্র-সাম্প্রদায়িক জঙ্গিবাদের লালন-পালন ও রক্ষাকারী জোট সরকারের পতন নিশ্চিত করবে।
১৪ দল ঘোষিত সংস্কার প্রস্তাব অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, গুলি, লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার করে জনগণের কন্ঠ রোধ করা যাবে না।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে জনগনকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে শেষ রক্ষা করতে চাইছে। স্বাধীনতা বিরোধী জোটের দুঃশাসনের অবসানে জনগণ আজ ঐক্যবন্ধ। জনগণের আন্দোলনের চাপে সরকারকে নতি স্বীকার করতেই হবে।
১৪ দল ঘোষিত আগামী রোববারের হরতালসহ সকল কর্মসূচি সফল করতে সাহসী ভূমিকা পালনের জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
