প্রস্তাব পেলে এজলাসে বিচারপতিদের ‘ধর্মাবতার’ বলে সম্বোধন করার রীতি পরিবর্তন করতে পারে সরকার: মওদুদ
কোনও মামলার শুনানিকালে আইনজীবীদের আদালতকে সম্বোধন করার ক্ষেত্রে ধর্মাাবতার বা মাই লর্ড বা ইওর লর্ডশিপ শব্দ ব্যবহারের যে রীতি রয়েছে সরকার তা পরিবর্তন করতে পারে যদি বাংলাদেশ বার কাউন্সিল থেকে এব্যাপারে সরাসরি কোনও প্রস্তাব আসে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ বৃহস্পতিবার এ কথা বলেছেন।
বৃটিশ শাসনামলে ভারতীয় উপমহাদেশে উল্লিখিত শব্দগুলো দিয়ে এজলাসে বিচারকদের সম্বোধন করার রীতি চালু হয়েছিলো। সম্প্রতি ভারত সরকার এ শব্দগুলো পরিবর্তন করে, মাননীয় আদালত বা অনারেবল কোর্ট বা ইওর অনার এ শব্দগুলো ব্যবহারের রীতি চালু করেছে।
ব্যারিস্টার মওদুদ বলেন, আমি ব্যক্তিগতভাবে বিষয়টিতে কোনও মন্তব্য করবো না। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল কোনও প্রস্তাব দিলে আমরা তা মেনে নেবো।
আইনজীবীদের সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলও আদালতে শব্দগুলো ব্যবহারে রীতি পরিবর্তন প্রয়োজন বলে মনে করে।
কাউন্সিলের সহসভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বিডিনিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার আমির-উল-হকের সাথে আলোচনা করবো।
তিনি আরও বলেন, আমি যখন এসসিবিএ’র সভাপতি ছিলাম তখন বলেছিলাম এজলাসে আজকাল যারা বিচারপতির আসনে বসেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ধর্মাবতার বা মাই লর্ড বলার মতো যোগ্যতা নেই। তাছাড়া একজন বিচারকও মানুষ তাকে লর্ড বলা ঠিক নয়।
ব্যারিস্টার রোকন বলেন, সিনিয়র আইনজীবীদের সাথে আলোচনা করে বার কাউন্সিল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
