২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের হরতালে পুলিশের সাথে সংঘর্ষ গুলি ও টিয়ার শেলে আহত শতাধিক

আওয়ামী লীগসহ ১৪ দল এবং সিপিবি’র ডাকে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল--সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০০ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

পুলিশ বিরোধী দলের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মারমুখি পুলিশ পিকেটারদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে। হরতাল সমর্থকরাও পুলিশের উদ্দেশে লাঠি এবং ইটপাটকেল ছুঁড়ে জবাব দেয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।

কানসাট হত্যাকা-, চট্টগ্রামে সাংবাদিক নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং তত্ত্বাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এ হরতাল আহবান করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং পাঁচ বাম দল পৃথকভাবে এই হরতাল পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরোধী দলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। হরতাল চলাকালে রাজধানীর পল্টন, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, মহাখালী, মিরপুর এবং ধানম-ি এলাকায় পুলিশ ব্যাপক অ্যাকশন চালায়। হরতাল প্রতিহত করতে তারা প্রচুর সংখ্যক রাবার বুলেট এবং কমপক্ষে অর্ধশত রাউ- টিয়ার শেল ছোঁড়ে।

রাজধানীর জিরো পয়েন্টে বেপরোয়া পুলিশ কর্তব্যরত সাংবাদিকদের ওপরও চড়াও হয়। বিক্ষুব্ধ সাংবাদিকরা এ ব্যাপারে প্রতিবাদ জানালে পুলিশ কর্মকর্তারা ‘অনাকাক্সিক্ষত’ এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন ও ক্ষমা চান।  

তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, মইনুদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ এবং অ্যাড. সাহারা খাতুনের নেতৃত্বে মহাখালী এবং গুলশান-১ এলাকায় সকাল সাড়ে ৭ টার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এতে আওয়ামী লীগ নেতা অ্যাড. জগলুল আলম এবং বেশ ক’জন মহিলাসহ অন্তত ৩০ জন আহত হয়। কয়েক দফায় প্রায় দু’ ঘণ্টার সংঘর্ষকালে পুলিশ এ এলাকা থেকে ৭/৮ জন পিকেটারকে আটক করে।

সকাল সাড়ে ৬ টায় মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে একটি মিছিল পুরানা পল্টন এলাকা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসার পথে পুলিশের বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা অবশ্য পুলিশি বাধা মানেনি।

সকাল সাড়ে ১১ টার দিকে তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান নূর এমপি, মির্জা আজম এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি মিছিল বের হলে জিরো পয়েন্ট অতিক্রমকালে পুলিশ মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। মারমুখি পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে ৬/৭ জন কর্মীকে বেধড়ক পিটিয়ে পাশে রাখা প্রিজন ভ্যানে তুলে নেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

আসাদুজ্জামান নূর ও মির্জা আজম প্রিজন ভ্যানের সামনে ওঠে পড়লে উপায়ান্তর না দেখে কিছুক্ষণ পর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।

একই সময়ে মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুরাইয়া চৌধুরীকে একদল পুলিশ রাস্তায় ফেলে চারদিক থেকে ঘিরে বেধড়ক লাঠিচার্জ ও বুটের আঘাতে ক্ষতবিক্ষত করে। পরে নেতারা তাকে পুলিশের হাত থেকে উদ্ধার করেন।

এই এলাকায় পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয়ে প্রথমে ধাক্কা দেয় ও পরে লাঠিচার্জ করে। পুলিশ অ্যাকশনের ছবি তোলার অপরাধে একজন ফটো সাংবাদিকের ক্যামেরাও ভাংচুর করে।  

নগরীর ধানম-ি ২৭ নম্বর সড়ক এলাকায় সকালে অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগের একটি মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা হলে উত্তেজিত কর্মীরা পুলিশের একটি গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ মহিলা কর্মীদের ধাওয়া ও রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের বুটের নির্মম আঘাত ও লাঠিপেটায় ৬/৭ জন নেতা কর্মী মারাত্মক আহত হয়। এখান থেকে অপু উকিলসহ পাঁচ জনকে আটক করা হয়।

সকালে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এমপি ও বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। ধানম-ি রাসেল স্কোয়ার এলাকায় তারা সমাবেশ করে। 

মিরপুর ও পল্লবী এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। পুলিশ বিরোধী দলের মিছিলে হামলা, লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এছাড়া হরতাল শুরুর আগে ভোর পাঁচটার দিকে পল্লবীতে কে বা কারা একটি মিনিবিাসে অগ্নিসংযোগ করে। 

অন্যদিকে, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সাভার এলাকায় হরতাল চলাকালে পুলিশ এবং হরতাল সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জনেরও বেশি লোক আহত হয়।

হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করে। তবে আন্তঃজেলা বাস সার্ভিস ছিল বন্ধ। স্কুল-কলেজসহ শিক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। হরতালের কারণে বৃহস্পতিবার নগরীর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে।