২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতি ও রোববার ১৪ দলের দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল

আওয়ামী লীগসহ ১৪ দল বৃহস্পতিবার ও রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 08:04 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বৃহস্পতিবার পৃথকভাবে হরতাল কর্মসূচি পালন করবে।

কানসাটে ‘গণহত্যা’, চট্টগ্রামে পুলিশের সাংবাদিক নির্যাতন ও দ্রব্যমূল্যের চরম উর্ধগতির প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে পূর্বঘোষিত বৃহস্পতিবারের হরতালের পর রোববার (২৩ এপ্রিল) হরতাল পালনের নতুন ঘোষণা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা, গুলি, টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং অত্যাচার নির্যাতন গ্রেফতার হয়রানির প্রতিবাদে ১৪ দল বুধবার এ নতুন কর্মসূচি ঘোষণা করে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে বিকেলে ১৪ দলের এক জরুরি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে  অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে আব্দুর রাজ্জাক কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচির মধ্যে ২৩ এপ্রিল সকাল--সন্ধ্যা হরতাল ছাড়াও রয়েছে ২২ এপ্রিল শনিবার দেশব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা থেকে বৃহস্পতিবার ও রোববারের হরতালসহ আন্দোলন কর্মসূচি সফল করতে ১৪ দলের নেতা কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

হরতাল সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সিপিবি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন বুধবার বিকেলে নগরীতে মিছিল ও সমাবেশ করে।