সংস্কৃতি প্রতিমন্ত্রীর আরোগ্য কামনায় মোনাজাত ও মিলাদ মাহফিল
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের আশু আরোগ্য কামনা করে মঙ্গলবার বিভিন্ন মসজিদে মোনাজাত ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়েছে।
সেলিমা রহমান গত ১৫ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
সেলিমা রহমান গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তার আরোগ্য কামনা করে বরিশাল, বাবুগঞ্জ, উজিরপুর এবং গাইবান্ধায় মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, সোমবার তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় তিনি ডান পায়ে আঘাত পান। এ ছাড়া তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিশেষজ্ঞদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়।
