২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার আলোচনার জন্যে আ.লীগের ৫ সদস্যের নাম দিয়ে মান্নান ভূঁইয়ার চিঠির জবাব পাঠিয়েছে ১৪ দল

সংস্কার ইস্যুতে প্রস্তাবিত আলোচনায় কমিটি গঠনের জন্যে বিরোধী ১৪ দলের পক্ষে আওয়ামী লীগের পাঁচ সদস্যের নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার তৃতীয় চিঠির জবাব দিয়েছে ১৪ দল। রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল তার বেইলি রোডের সরকারি বাসভবনে এই চিঠি পৌঁছে দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের পাঁচ জন নেতা হচ্ছেন: দলের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি ও কাজী জাফরুল্লাহ্ এমপি। 

এদিকে চিঠি পেয়ে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ১৪ দলের মতো চার দল যদি বিএনপির ওপর দায়িত্ব দেয়, তাহলে আমরা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবো।

সরকার ও বিরোধী দলের মধ্যে সম্ভাব্য সংলাপে জামাতকে এড়াতে আবারও বিএনপিকে সতর্ক করে দিয়েছে ১৪ দল।

আব্দুল জলিলের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে: আমরা আশা করছি, আপনারা কমিটিতে এমন কোনো প্রতিনিধির নাম অন্তর্ভুক্ত করবেন না, যার ফলে সংলাপ বিঘিœত হতে পারে।

এছাড়া পত্রালাপের ইতি টেনে আওয়ামী লীগের মতো সরকারি চার দলীয় জোটের পক্ষে শুধু বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের পাঁচ জনের নাম দিয়ে কালক্ষেপণ না করে দ্রুত আলোচনা শুরু হবে বলে মান্নান ভূঁইয়ার কাছে দেওয়া চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত কয়েকদিনে ১৪ দল দফায় দফায় বৈঠকে বসে চিঠি চূড়ান্ত করে। আর কমিটিতে বিরোধী দলের পক্ষে পাঁচ জনের নাম চূড়ান্ত করে দেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।

সর্বশেষ রোববার দুপুর ও পরে সন্ধ্যায় আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের সভায় চিঠি অনুমোদন করে তা মান্নান ভূঁইয়ার কাছে পাঠানো হয়।