২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ভোটে জিততে পারবে না বলে সংস্কার ও আলোচনা নিয়ে টালবাহানা করছে সরকার: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোটকে জনগণ আর ভোট দেবেনা বলে তারা ভোট কারচুপির ষড়যন্ত্র করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 07:48 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

 ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করছে তারা। আর একারণেই সংস্কার ও আলোচনা নিয়ে এতো টালবাহানা করছে।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক ও কর্মচারি ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি--জামাত জোটের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, অত্যাচার নির্যাতন ও জঙ্গি লালন পালনের কারণে মানুষ ওদের আর ভোট দেবে না। জনগণের ভোটে জিততে পারবে না বলেই তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক, এটি চায় না। তারা কারচুপি করে আবার ক্ষমতায় আসতে চায় বলে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব মানতে চায় না ।

শিক্ষক কর্মচারিসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জোট দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক সরকার কায়েম করে মানুষের মুক্তি আনতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ, ডিজেল, গ্যাস, পানিসহ নানা সংকটে দেশের মানুষ অতিষ্ঠ। বিদ্যুৎ চাইতে গিয়ে কানসাটে বিশজন নিরীহ মানুষকে আতœাহুতি দিতে হয়েছে। পাখির মতো গুলি করে মানুষ হত্যা এবং অত্যাচার নির্যাতন চালিয়ে সরকার সেখানে নারকীয় তাণ্ডব চালিয়েছে।

দেশটাকে তারা (সরকার) কী পেয়েছে? -- প্রশ্ন করে শেখ হাসিনা বলেন, নিরীহ নিরাপরাধ মানুষকে কেন হত্যা করা হলো, তার জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।

তিনি বলেন, জঙ্গি সন্ত্রাসীদের সৃষ্টি ও লালন পালন করে, অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়ে বিএনপি জামাত জোট সারা দেশে আতংক সৃষ্টি করেছে। এ অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে।

শিক্ষক কর্মচারিদের দাবি দাওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমি আপনাদেরই মানুষ। আমার কাছে দাবি করতে হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শিক্ষক কর্মচারিদের উপযুক্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। ছেলে মেয়ে নির্বিশেষে øাতক পর্যন্ত সকলের জন্যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

ঐক্যফ্রন্টের প্রধান ম. আখতারুজ্জামানের নেতৃত্বে অধ্যক্ষ এম এ আউয়াল, এমএ শাহজাহান প্রমুখ নেতৃবৃন্দ প্রতিনিধি দলে ছিলেন।

মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, মুকুল বোস, নুরুল ইসলাম নাহিদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।