২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক: আফগানিস্তানের জন্যে সদস্যপদ প্রক্রিয়া, পর্যবেক্ষকদের রূপরেখার খসড়া চূড়ান্ত

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্ট্যান্ডিং কমিটির পঞ্চম বিশেষ অধিবেশনে আফগানিস্তানের নতুন সদস্য হওয়ার প্রক্রিয়া ও সহযোগী পর্যবেক্ষক হওয়ার রূপরেখার খসড়া চূড়ান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী অধিবেশন শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, সদস্যপদ প্রক্রিয়া ও পর্যবেকক্ষক হওয়ার রূপরেখার খসড়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। একটি যৌথ ঘোষণায় স্বাক্ষরের মাধ্যমে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগদান করতে আফগানিস্তানকে আমন্ত্রণ জানানো হবে।

বিশেষ অধিবেশনটি দুদিন হওয়ার কথা থাকলেও একদিনের মধ্যেই অধিবেশনটি শেষ হয়। পররাষ্ট্র সচিব অধিবেশনকে কার্যকর বলে আখ্যায়িত করেছেন।

২০০৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে আফগানিস্তানকে সার্কের পূর্ণ সদস্যপদ এবং চীন ও জাপানকে পর্যবেক্ষকের মর্যাদা প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সাত সদস্যের সার্কের পর্যবেক্ষক করার জন্যে ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও কোরিয়া প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কোরিয়ার অনুরোধের প্রেক্ষিতে অধিবেশনে বিষয়টি নীতিগত দিক দিয়ে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়। সার্কের মন্ত্রিপরিষদকে বিষয়টি অনুমোদন দেওয়ার প্রস্তাব করা হয়।

সার্কের পর্যবেক্ষক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে হেমায়েত উদ্দিন বলেন, সার্কের পর্যবেক্ষক রাষ্ট্রকে সার্কের উদ্দেশ্য মেনে চলতে হবে। আর এ ধরনের নিশ্চয়তা আসতে হবে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের কাছ থেকে।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সার্ক শীর্ষ সম্মেলন, মন্ত্রিপরিষদ ও অন্যান্য মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, যোগদান করতেই কেবল পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। কোনো গোপন বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হবে না।

আফগানিস্তানকে সদস্য করা হলে সার্ক সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হলে হেমায়েত উদ্দিন বলেন, যেহেতু আফগানিস্তান একটি যৌথ ঘোষণায় স্বাক্ষরের মাধ্য দিয়ে সার্কের সদস্য হবে, সে জন্যে সংবিধানে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হবে না। আর প্রয়োজন হলে পরে তা করা যাবে।

নতুন দায়বদ্ধতার সাথে খাপ খাওয়াতে সার্ক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করতে এবং আঞ্চলিক কেন্দ্রকে আরো কার্যকর করতে অধিবেশনে সার্ক সচিবালয় ও সংস্থার অন্যান্য অধিদপ্তরের ব্যাপারে পর্যালোচনা করা হয়।

অধিবেশনে বেশ কিছু সংশোধন এনে ‘ভিশন ২০১৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়। চলতি বছরের জুলাই মাসের মন্ত্রিপরিষদের বৈঠকে এটি উত্থাপন করা হবে।

এদিকে মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বিশেষ অধিবেশন উদ্বোধন করেন। তিনি এ সময় সার্ককে অর্থনৈতিক সহযোগিতা সংস্থায় রূপ দেওয়া এবং সার্ক নেতৃবৃন্দের প্রতিশ্র“তি ও প্রতিজ্ঞা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আগামী দশকের মধ্যে দক্ষিণ এশীয় ইউনিয়ন বাস্তবায়ন করা।

অধিবেশনে সার্ক মহাসচিব চেনকায়েব দর্জি, ভারতের পররাষ্ট্র সচিব শ্যাম শরণ, ভুটানের ইয়েশি দর্জি, বাংলাদেশে মালদ্বীপের অনাবাসিক হাইকমিশনার ডদ মোহাম্মদ আসিম, নেপালের হীরা বাহাদুর থাপা, পাকিস্তানের রিয়াজ মাহমুদ খান এবং শ্রীলঙ্কার এইচএমজিএস পালিহাক্রা উপস্থিত ছিলেন।