বঙ্গবন্ধুকে ছাড়া অন্যকে স্বাধীনতার ঘোষক বলা রাষ্ট্রদ্রোহিতা: সেমিনারে বক্তারা
স্বাধীনতার ঘোষক হিসেবে যারা বঙ্গবন্ধুর পরিবর্তে অন্য কাউকে প্রতিষ্ঠিত করতে চায়, সংবিধান লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা হতে পারে। এ তালিকা থেকে বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউই বাদ যাবেন না। একদিন জনতা তাদের বিচার করবেই।
স্বাধীনতার ঘোষণাপত্র জারির ৩৫ তম বার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘স্বাধীনতার ঘোষণা, ঘোষণাপত্র ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অধ্যাপক কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যারিস্টার আমির উল ইসলাম, আওয়ামী লীগের সাংসদ মোহাম্মাদ নাসিম, সাংসদ আশরাফুল ইসলাম, সাংসদ তানজিম আহমেদ সোহেল, বিলিয়া’র পরিচালক ওয়ালিউর রহমান, অধ্যাপক মুনতাসির মামুন, লেখক শাহরিয়ার কবির, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ব্যারিস্টার আমির বলেন, স্বাধীনতার ইতিহাস রচনায় বেশ কিছু শূন্যতার সৃষ্টি হয়েছে। এই সুযোগে বঙ্গবন্ধু ও চারজন জাতীয় নেতার অবদানকে খাটো করে দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিহাসের শূন্যতায় ঢুকে পড়েছে জিয়াউর রহমানরা।
শাহরিয়ার কবির বলেন, ১০ এপ্রিল দেওয়া বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সংবিধানের অংশ। অথচ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কতিপয় সাংসদ অহরহ সংসদে আরেকজনকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করছেন। তারা সংবিধান রক্ষার শপথ নিয়ে সংবিধান তথা স্বাধীনতা - সার্বভৌমত্বকে অস্বীকার করছেন। এ জন্য একদিন এ দেশের মানুষ রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে তাদের বিচার করবে।
