বিআরটিএ’র দূর্নীতি মানুষের পক্ষে দূর করা সম্ভব নয়, ফেরেশতা লাগবে- নাজমুল হুদা
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিআরটিএ’র দূর্নীতি এবং অনিয়ম দূর করা যাচ্ছে না। এ খাতের দুর্নীতি এবং অনিয়ম মানুষের পক্ষে দূর করা সম্ভব না, ফেরেশতা লাগবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সড়ক দুর্ঘটনা রোধ বিষয়ে সেবা বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রীর মন্তব্য, অনেক দিন রাজধানীকে যানজট মুক্ত রেখেছিলাম কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় কুড়ি বছরের নিষিদ্ধ বৃদ্ধ বাস, ট্রাক রং ছড়িয়ে ঢাকা মহানগরীতে চলাচল করছে।
তিনি বলেন, ট্রাফিক রুলস, রোড সেইফটি রুলস প্রয়োগের জন্য আমাকে ট্রাফিক পুলিশের উপর নির্ভর করতে হয় অথচ ট্রাফিক কিংবা হাইওয়ে পুলিশ আমার নিয়ন্ত্রণে নয়। তবুও আমি ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিসি’র দুর্নীতি, অনিয়ম বন্ধ করতে, মহাসড়কের উপর অবৈধ স্থাপনা হাট-বাজার উচ্ছেদে, পুরোনো গাড়ী সড়কে চলাচল বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মন্ত্রী এসময় সড়ক দুর্ঘটনা রোধে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে মামলা দায়ের এবং ব্যাপক গণসচেতনতা সৃষ্টির উপর জোর দেন। এছাড়াও তিনি সড়ক দুর্ঘটনা রোধে দেশে প্রচলিত সড়ক নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগের উপর গুরাত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি জিএম সিরাজ এমপি, মোয়াজ্জেম হোসেন আলাল এমপি, নিটল গ্র“পের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বিশ্ব ব্যাংকের উপদেষ্টা ড: কেএমএম মান্নান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পরিবহণ শ্রমিক নেতা রায় রমেশ চন্দ্র, ড: শওকত আরা, মোহাম্মদ মাহফুজুর রহমান প্রমুখ।
