২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকট ভবিষ্যতে সন্ত্রাসবাদের হুমকি দূর হওয়ার সম্ভাবনা কম: ইআইইউ

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গ্রেপ্তার সত্ত্বেও বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নিকট ভবিষ্যতে দূরীভূত হওয়ার সম্ভাবনা কম। ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) সম্প্রতি এ মন্তব্য করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট বলেছে, সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনায় জঙ্গিবাদী সংগঠনের কার্যক্রম খুব বেশি খর্ব হবে না। যদিও শীর্ষ নেতৃত্বের ক্ষেত্রে কিছুটা শূন্যতা দেখা দেবে, তবুও তাদের কাঠামো খুবই মজবুত ও হামলা অব্যাহত রাখেতে তাদের সংখ্যাও যথেষ্ট।

ইআইইউ বলেছে, যদিও জঙ্গিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কাজ করছে, তবে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশে শরীয়া আইন প্রতিষ্ঠা করতে জঙ্গিদের তৎপরতার প্রতি দেশের অনেকেরই সহানুভূতি রয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের দুই শীর্ষস্থানীয় ইসলামী জঙ্গির গ্রেপ্তারের ঘটনা অনেক আশা সৃষ্টি করেছে যে, সরকার দেশের ভেতরে উগ্রবাদের বিরুদ্ধে পরিচালিত লড়াইয়ে জয়লাভ করতে যাচ্ছে। তবে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে দেওয়া ও তাদের অর্থায়ন বন্ধ করতে খুব বেশি কিছু করা হয়নি। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন থেকে মাত্র একবছরের কম সময় দূরে দাঁড়িয়ে সন্ত্রাসীদের সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ মনে হচ্ছে।

ইআইইউ মনে করে, তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাত্র সাত মাস আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিরোধী জোটের প্রধান প্রচারণার বিষয় হওয়া উচিত জঙ্গিবাদের বিষয়টি।

‘বাংলাদেশ পলিটিক্স: উইনিং ইটস ওয়্যার অ্যাগেইনস্ট টেরোরিজম’ শিরোনামের প্রতিবেদনে ইআইইউ বলেছে, আইনপ্রয়োগকারী সংস্থা কতটুকু সফলতার সাথে জেএমবি’কে সহযোগিতা দেওয়া বন্ধ ও সহযোগিতা দানকারীদের গ্রেপ্তার করতে পারে এবং উচ্চপর্যায়ের সহযোগিতা প্রদানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কিনা সেটাই হবে বিএনপি সরকারের জন্যে কঠিন পরীক্ষা।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের ব্যাপারে ইআইইউ বলেছে, সাম্প্রতিক ঘটনাবলী থেকে রাজনৈতিক ফায়দা লাভের ওপর তাদের সফলতা নির্ভর করবে। যেমন - জেএমবি’র প্রধান প্রধান সদস্যদের গ্রেপ্তার করতে সরকার কী পরিমাণ সময় নিয়েছে অথবা জামায়াতে ইসলামীর সাথে জেএমবির সম্ভাব্য সংশ্লিষ্টতার ব্যাপারে তারা রাজনৈতিক ফায়দা অর্জনের সুযোগ কাজে লাগাতে পারে।

ইআইইউ বলেছে, জেএমবি ও জামায়াতে ইসলামীর মধ্যে সম্ভাব্য যোগসূত্র আলোকপাত করে আওয়ামী লীগ দেখাতে পারে, সংসদীয় নিয়ন্ত্রণ বজায় রাখতেই কেবল সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আসলে বিএনপি জোটের অন্যান্য শরীকদের নাখোশ করতে চায় না।

ইআইইউ বলেছে, আপাতদৃষ্টিতে এটা মনে হচ্ছে, দেশের ভেতরে ইসলামী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকার অগ্রগতি অর্জন করছে। আবদুর রহমান ও বাংলা ভাইয়ের গ্রেপ্তারের সাথে সাথে জেএমবি’র নাশকতামূলক তৎপরতা ক্ষণস্থায়ীভাবে বন্ধ হওয়া ছাড়া আর কোন কিছু অর্জিত হয়েছে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা রয়ে গেছে।

আবদুর রহমান ও বাংলা ভাই আইনপ্রয়োগকারী সংস্থাকে বলেছে, বিভিন্ন নাশকতামূলক তৎপরতা পরিচালনা ও অস্ত্র ব্যবহার করার জন্যে জেএমবি’র ১০ হাজারেরও বেশি প্রশিক্ষিত সদস্য রয়েছে আর সংগঠনটির সমর্থকের সংখ্যা দশ লাখেরও বেশি। এ ব্যাপারে ইআইইউ এর বক্তব্য, প্রশিক্ষিত সদস্য ও সমর্থকের যে সংখ্যাটি দেওয়া হয়েছে, তা যদি অতিরঞ্জিতও হয়ে থাকে, তবুও ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ধারাবাহিক বোমা হামলার ঘটনা এটাই প্রমাণ করে, জেএমবি’র নেটওয়ার্ক আরো সুগভীর।

টাস্কফোর্স ইন্টিলিজেন্স কর্মকর্তারা জেএমবি’র শীর্ষ সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদের সময় সাম্প্রতিক বোমা ও আত্মঘাতী হামলার পিছনে অর্থের যোগানদানকারী ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার সাথে সম্পর্কের ব্যাপারে খুব বেশি তথ্য আদায় করতে পারেনি।

ইআইইউ বলেছে, জেএমবি কোথা থেকে এসব অস্ত্র পেয়েছে সে প্রশ্নের দৃঢ় কোন উত্তর পাওয়া যায়নি।