২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের স্বার্থে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার ঢাকায় অনুষ্ঠিত তিনদিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনে দেশের স্বার্থে সকলকে কর্মক্ষেত্রে সুষ্ঠভাবে নিজ নিজ দ্বায়িত্ব পালনের জন্যে আহবান জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

জেলা প্রশাসকদের সকল ভয়ভীতি এবং চাপ উপেক্ষা করে সরকারের কর্মসূচী বাস্তবায়নে গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় জনসাধারণদের জন্যে জেলা প্রশাসকরাই হতে পারেন আদর্শ ব্যক্তিত্ব।

২০০১ সালে সরকার গঠনের পর এবার চতুর্থবার মতো অনুষ্ঠিত জেলা প্রশাসকদের সম্মেলন ২০০৬ এ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিভাগীয় প্রশাসকরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকদের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় জনগণের সংযোগ সেতু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে জেলা প্রশাসকরাই সরকারের প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

গত সাড়ে চার বছর সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে খালেদা জিয়া বলেন, বর্তমান উন্নয়ন ধারাকে আরো শক্তিশালী করতে হবে।       

সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকদের দ্বায়িত্বশীল ভূমিকার জন্যে প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং এ প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।

সম্মেলন উপলক্ষে কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ের এবং নীতিনির্ধারকদের সঙ্গে বাস্তবায়নকারীদের খোলামেলা আলোচনার সুযোগ হয়।

এ প্রসঙ্গটি উল্লেখ করে তিনি বলেন, এ সুযোগের মাধ্যমে যে দিকনিদের্শনা আসবে প্রশাসকদের জন্যে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে তা সহায়ক হবে।

চারদলীয় জোট সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।

আইন শৃঙ্খলা উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার সন্ত্রাস দমন করতে পেরেছে। অপারেশেন ক্লিনহার্ট, র‌্যাব এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও বোমাবাজ বিরোধী বিশেষ অভিযানের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।