রাজশাহী বিভাগীয় ছাত্রদলের তৃণমূল প্রতিনিধি সম্মেলন শনিবার
বগুড়ায় শনিবার থেকে শুরু হচ্ছে ছাত্রদলের রাজশাহী বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন-২০০৬। সম্মেলনকে সামনে রেখে স্থানীয় পর্যটন মোটেলে এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার দলের নেতৃবৃন্দ তাদের সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারী হেলাল। প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খন্দকার ড. মোশাররফ হোসেন। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলনসহ মন্ত্রী, সাংসদরা।
রাজশাহী বিভাগের ১৯টি সাংগঠনিক ইউনিট থেকে ৬৪৪৫ জন নেতা সম্মেলনে যোগ দিবেন। এছাড়াও উত্তরাঞ্চলের সাংসদ, মন্ত্রী ছাড়াও সাবেক ২শতাধিক ছাত্রদল নেতাও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে।
মূলতঃ সামনে নির্বাচনকে রেখে মাঠ পর্যায়ে ছাত্রদলের ভূমিকা, কৌশল নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে ছাত্রদল নেতাদের।
সম্মেলনকে সামনে রেখে শহরের প্রধান সড়কের ডিভাইডারে দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। শহরের শেষ প্রান্ত সুলতানগঞ্জ হাইস্কুল মাঠে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু। উপস্থিত ছিলেন ভুমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বকুল প্রমুখ।
