বিরোধী দলের কর্মসূচীতে হামলার নিন্দা জানিয়ে শেখ হাসিনার বিবৃতি
সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ১৪ দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে সরকারের বাধাদান এবং অংশগ্রহনকারীদের ওপর পুলিশের নির্বিচার লাঠিচার্জ ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালেও বিএনপি সরকার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে টালবাহানা করেছিলো। কিন্তু জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে সেদিন তারা বিরোধী দলের দাবি অনুযায়ী, তত্ববধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছিল।
বিরোধী দলের নেতা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৪ দলের উদ্যোগে তত্ববধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যাবস্থা সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপি জামাত জোট সরকারের পদত্যাগের দাবীতে সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী বানচাল করতে সরকারের ১৪৪ ধারা জারি, বিনা উস্কানীতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থানরত মানুষের উপর নির্বিচার লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ এবং আওয়ামী লীগ ও ১৪ দলের তিন শতাধিক নেতা-কর্মীকে গুরুত্বরভাবে আহত ও শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পথ বেছে নিয়েছে।
সরকার দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন করে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।
