টানটান উত্তেজনার মধ্যে বৃস্পতিবার সচিবালয়ের সামনে ১৪ দলের অবস্থান, সরকার ও বিরোধী দল মুখোমুখি
নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ৩০ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।
‘বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে সরকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে’-- এ মনোভাব প্রকাশ করে কর্মসূচি সফল করতে বিরোধী শিবিরে চলছে সর্বশেষ প্রস্তুতি।
এদিকে সচিবালয়ের চতুর্দিকে প্রায় চার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত পুলিশের নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত এই কর্মসূচি নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিরোধী দলের কর্মসূচি প্রতিহত করতে পুলিশ, বিডিআর, র্যাব এবং সাদা পোশাকের সর্বমোট ১০ সহস্রাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। এ কারণে রাজধানীর বাইরে থেকে অতিরিক্ত তিন হাজার পুলিশ আনা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানিয়েছেন।
বিরোধী দলের সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকারের আলোচনার প্রস্তাব এবং চিঠি চালাচালির মাঝখানে ১৪ দলের পূর্ব ঘোষিত রাজনৈতিক কর্মসূচি দমনে সরকারের কঠোর নীতি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আবারও সংঘাতপূর্ণ করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের অবস্থান কর্মসূচির আগের দিন বুধবার রাজশাহীতে এক জনসভায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের অদৌ কোনো প্রয়োজন নেই। সংস্কার প্রস্তাব আওয়ামী লীগের একটি বাহানা মাত্র। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে ইস্যু সৃষ্টির চেষ্টা করছে।
এ পরিস্থিতিতে কর্মসূচি সফল করতে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃত্ব জোটের মহানগর নেতৃবৃন্দের সঙ্গে বুধবার দুপুরে বৈঠকে বসেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সর্বশক্তি নিয়ে কর্মসূচি সফল করতে তারা মহানগর নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে বসে ১৪ দলের লিয়াজোঁ কমিটির সভা। এতে সার্বিক পরিস্থিতি আলোচনার পর কৌশলগত বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন দাবিতে ১৪ দল এই কর্মসূচি পালন করবে। সচিবালয়ের চতুর্দিকে অবস্থান শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবারের সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি প্রতিহত করতে পুলিশের নিষেধাজ্ঞা জারির কড়া সমালোচনা করে বলেছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করবো। এটি আমাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উস্কানি দেওয়া হলে আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ করবো। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল জলিল বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই আমাদের দাবি আদায় করতে হবে। এখন আমাদের কাছে জয়ের কোনো বিকল্প নেই। ৩০ মার্চ যার যতোটুকু শক্তি আছে, তাই নিয়ে আমরা মাঠে নামবো। এতে বাধা এলে উদ্ভূত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, আমরা যে বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছি, সরকারের ১৪৪ ধারা জারির ঘটনাই তা প্রমাণ করে।
তিনি বলেন, সর্বশক্তি নিয়ে সরকারি ব্যারিকেড ভাঙতে হবে। বাধা অতিক্রমের মাধ্যমে বিজয় আনতে হবে।
জাসদের কার্যকরি সভাপতি মাইনুদ্দিন খান বাদল বলেন, জনতার রোষ যে কোনো অপশক্তিকে পরাভূত করতে পারে। তাই জনগণকে জাগাতে হবে, আন্দোলনে শরিক করতে হবে। বিএনপি জামাত জোট তখন পালাবারও পথ পাবে না।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওবায়দুল কাদের, পংকজ ভট্টাচার্য, নুরুল ইসলাম, দিলীপ বড়–য়া, আলহাজ্ব আব্দুস সামাদ, শরিফ নুরুল আম্বিয়া, কামরুল আহসান, জাকির হোসেন, ওমর আলী, আলহাজ্ব মকবুল হোসেন, হাজী মোহাম্মদ সেলিম ও কাজী মোস্তাক এলেনসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে ১৪ দলের সচিবালয় ঘেরাও কর্মসূচির দিন নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরীর সচিবালয় সংলগ্ন বেশকিছু এলাকায় সভা -- সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করে।
মঙ্গলবার জারিকৃত পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।
ফলে এলাকাগুলোতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সকল প্রকার অস্ত্র--শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকর ও দোষণীয় দ্রব্য বহন এবং সকল প্রকার সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন, ঘেরাও ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে: বঙ্গবন্ধু অ্যাভিনিউর পীর ইয়ামেনী মার্কেট থেকে নূর হোসেন চত্বর, বায়তুল মোকাররম দক্ষিণ গেইট পর্যন্ত জিপিও লিংক রোড, দক্ষিণ গেইট থেকে পল্টন হাউজ বিল্ডিং কর্পোরেশন ভবন, তোপখানা রোড, তোপখানা থেকে বিজয়নগর রোডের কস্তুরি হোটেল পর্যন্ত, জিপিও থেকে আব্দুল গণি রোডের পশ্চিম প্রান্ত ও ওসমানি উদ্যান, সরকারি কর্মচারি হাসপাতাল থেকে আব্দুল গনি রোডের পশ্চিম প্রান্ত, পুরাতন হাইকোর্ট মোড় থেকে দোয়েল চত্বর এবং সেগুনবাগিচা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের দক্ষিণ প্রান্ত থেকে কার্পেট গলি পর্যন্ত।
ওইসব এলাকার সকল রাস্তা, মাঠ ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
